Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড়ঞায় বাল্যবিয়ে রুখতে কড়া অবস্থান পুরোহিত সংগঠনের

বড়ঞায় বাল্যবিয়ে রুখতে কড়া অবস্থান পুরোহিত সংগঠনের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: নাবালিকা বিয়ে রুখতে কঠোর পুরোহিত সংগঠন। ১৮ বছরের আগে কোনও নাবালক বা নাবালিকার বিয়ে দিতে গিয়ে কোনও পুরোহিত সমস্যায় পড়লে তার দায় সংগঠন নেবে না বলে জানিয়েছে। বুধবার একথা পুরোহিত সংগঠনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হল। বড়ঞা ব্লক কমিউনিটি হলে একটি সম্প্রীতি সভার আয়োজন করা হয়। সেখানে বড়ঞার বিডিও গোবিন্দ দাস থেকে কান্দির এসডিপিও শাশ্রেক আম্বারদার সহ পুরোহিত ও ইমাম সংগঠনের প্রতিনিধিরা ছিলেন।
Advertisement
প্রশাসনের তরফে বারবার সচেতনতার পরেও নাবালিকা বিয়ে রোখা যাচ্ছে না। অভিভাবকরা লুকিয়ে বিয়ের আয়োজন করছেন। প্রশাসন  খবর পেলে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে। কিন্তু, ঝক্কি এড়াতে এখন অন্য জায়গায় নিয়ে গিয়ে নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে। এনিয়ে প্রশাসন থেকে পুরোহিত ও ইমাম সংগঠনগুলি উদ্বিগ্ন।
এদিনের আলোচনা সভায় নাবালিকা বিয়ে না দেওয়ার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। অনেক ক্ষেত্রে পুরোহিতদেরও এক্ষেত্রে দায়ী করা হয়। পুরোহিত সংগঠনের মুর্শিদাবাদ জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী বলেন, নাবালিকা বিয়ে বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই নাবালিকা বিয়ে দিতে গিয়ে কোনও পুরোহিতের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলে সংগঠন তার পাশে থাকবে না। কোনও পুরোহিত সমস্যায় পড়লে তার দায় আমাদের সংগঠন নেবে না। এদিনের সভায় এনিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। নাবালিকা বিয়ের আয়োজন হলে ওই পুরোহিতের প্রশাসনকে সহযোগিতা করা উচিত।
ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস বলেন, বাল্য বিবাহ প্রতিরোধের পাশাপাশি শিক্ষার প্রসারে জোর দেওয়া নিয়েও আলোচনা হয়েছে। অন্যান্য সামাজিক সমস্যার কথাও তুলে ধরা হয়েছে।
কান্দির এসডিপিও বলেন, এখানে হিন্দু পুরোহিত ও মুসলিম সম্প্রদায়ের ইমাম সংগঠনের সদস্যরা হাজির হয়ে যে একতা দেখিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাই। দু’টি সংগঠনের তরফেই বাল্য বিবাহ রোধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এটা সমাজের পক্ষে খুব ভালো ব্যাপার।
সম্পর্কিত সংবাদ