সংবাদদাতা, কান্দি: টেবিল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বধূর। সোমবার দুপুরের ওই ঘটনা বড়ঞা থানার শিমুলিয়া গ্রামের। পুলিস জানিয়েছে, মৃতার নাম মরিয়ম বিবি (২৮)। এই ঘটনায় পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, এদিন দুপুরে সামান্য সময়ের জন্য টেবিল ফ্যানের হাওয়ায় জিরোতে চেয়েছিলেন ওই বধূ। কিন্তু টেবিল ফ্যানের স্যুইচ দেওয়ার পরেও ঠিকঠাক কাজ করছিল না। তাতে তিনি ফ্যানের উপর হালকা আঘাত করে ঠিক করতে চেয়েছিলেন। কিন্তু আঘাত করতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। পরে তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানান।



