Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বানতলা চর্মনগরীতে নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করল কেএমডিএ

বানতলা চর্মনগরীতে নিকাশি নালা তৈরির কাজ বন্ধ করল কেএমডিএ
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় নয়া নিকাশি পথ তৈরির কাজ আপাতত বন্ধ করে দিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কেএমডিএ সূত্রে খবর, সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ও এমএসএমই দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত বানতলা চর্মনগরীর ট্যানারিগুলির রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য রাস্তায় ফেলা বন্ধ হবে, ততদিন উন্নয়নের কোনও কাজ হবে না। 
Advertisement
উল্লেখ্য, বানতলা চর্মনগরীতে ১২-১৩ কিমি নতুন নিকাশি নালা তৈরি হওয়ার কথা। তার মধ্যে ৬৫ থেকে ৭০ শতাংশ পাইপলাইন পাতা হয়ে গিয়েছে। ম্যানহোল তৈরির কাজ চলছিল। ধাপে ধাপে কাজ এগচ্ছিল। রবিবার সেখানে চর্মনগরীর ৭ নম্বর জোনে ৪৫২ নম্বর প্লটের কাছে মাটির প্রায় ১০ ফুট গভীরে ম্যানহোলে নেমে কাজ করছিলেন শ্রমিকরা। সেখানে কোনওভাবে বিষাক্ত জল ঢুকে যায়। যার জেরে ঝাঁঝালো গন্ধে শ্বাসরোধ হয়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর পুলিস তদন্ত শুরু করেছে। কীভাবে নতুন নিকাশি পথে ট্যানারির তরল বর্জ্য ঢুকল, তা নিয়ে পৃথক তদন্ত করছে কেএমডিএ। এই প্রসঙ্গে কেএমডিএর এক কর্তা বলেন, চর্মনগরীর ওই অংশে কাজের পরিস্থিতি নেই। ট্যানারিগুলি পুরনো নিকাশি নালায় রাসায়নিক মিশ্রিত তরল বর্জ্য ফেলে না। এমনকী, পাম্পিং স্টেশনগুলিও ব্যবহার করা হয় না। গোটা এলাকায় বিভিন্ন কারখানার নোংরা বিষাক্ত জল রাস্তায় এসে পড়ছে। শ্যাওলা জমে রয়েছে। হাঁটা যায় না। ঝাঁঝালো সাদাটে তরল বর্জ্যে এলাকা ভরে গিয়েছে। সেই জলই কোনওভাবে নতুন নিকাশি পথে ঢুকে যাওয়ায় এই ঘটনা ঘটেছে। তাই, এই অবস্থায় সেখানে কোনও কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কেএমডিএ। রাস্তার উপর তরল বর্জ্য ফেলা বন্ধ করতে হবে ট্যানারিগুলিকে। সেটা নিশ্চিত করতে হবে চর্মনগরী কর্তৃপক্ষ, সেক্টর ৬ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটিকে। ওই কর্তার সংযোজন, আমরা তদন্ত করছি। কিন্তু, আর কোনও ঝুঁকি নেওয়া যাবে না। আগে আমাদের শর্ত মানা হবে, রাস্তা পুরোপুরি শুকনো হবে। তারপর অবশিষ্ট কাজ শুরু হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ