Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বনসৃজন প্রকল্পের গাছ কাটাকে ঘিরে ঠিকাদারের সঙ্গে ধস্তাধস্তি

বনসৃজন প্রকল্পের গাছ কাটাকে ঘিরে ঠিকাদারের সঙ্গে ধস্তাধস্তি
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: জলজীবন মিশন প্রকল্প গড়ে তুলতে গিয়ে অবৈধভাবে সরকারি বনসৃজনের গাছ কাটা হচ্ছে। এই অভিযোগ তুলে ঠিকাদারকে কাজে বাধা দেওয়ায় ঠিকাদারের সঙ্গে গ্রামবাসীদের একাংশের বচসা ও ধস্তাধস্তিকে ঘিরে উত্তেজনা ছড়াল পটাশপুরে। স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়। শুক্রবার পটাশপুর-২ ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের গোর্বধনপুর এলাকায় ঘটনাটি ঘটে। উল্লেখ্য, গোবর্ধনপুর মৌজায় জলজীবন মিশন প্রকল্পে পানীয় জলের ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ হবে। গড়া হবে জলাধার, একাধিক পাম্পহাউস। তার জন্য সেখানে পাইপ সহ অন্যান্য মালপত্র এসে গিয়েছে। প্রকল্প গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে সেখানে গাছ কাটা শুরু হয়। একাধিক গাছ কাটাও হয়েও যায়। গাছ কাটা হচ্ছে দেখে শুক্রবার স্থানীয় বাসিন্দাদের অনেকে জড়ো হন। বাসিন্দাদের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের কাছে গাছ কাটার অনুমতিপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এনিয়ে ঠিকাদারের সঙ্গে এলাকার বাসিন্দাদের একাংশের বচসা এমনকী ধস্তাধস্তি শুরু হয়ে যায়। বিজেপির পটাশপুর-৪ মণ্ডলের সভাপতি বিবেকানন্দ দাস বলেন, গাছ কাটার খবর পেয়ে আমরা বিডিও এবং পঞ্চায়েত প্রধানের কাছে এ ব্যাপারে জানতে চাই। তাঁরা আমাদের জানান, গাছ কাটার বিষয়টি তাঁদের অজানা। আমরা জানতে পেরেছি, বনসৃজনের সরকারি গাছ কাটা হচ্ছে, অথচ প্রশাসনের কাছে উপযুক্ত অনুমোদন নেওয়া হয়নি। গ্রামবাসীরাও জানেন না। তারপর আমরা এলাকায় গিয়ে সবকিছু সরেজমিনে দেখি। বিষয়টি আমরা ব্লক প্রশাসনকে খতিয়ে দেখার আবেদন জানিয়েছি। পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, ওখানে সরকারি জায়গার উপর জলজীবন মিশনে প্রকল্পের কাজ চলছে। একাধিক পাম্পহাউস তৈরি হবে। তার জন্য কয়েকটি গাছ কাটা পড়ছে। যাঁরা বাধা দিচ্ছেন কিংবা অভিযোগ করছেন, আমরা খবর পেয়েছি, তাঁরা পরিকল্পনামাফিকই আঙুল তুলছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মিথ্যা অভিযোগ করছেন। সরকারি প্রকল্প রূপায়ণ হলে সকলেই উপকৃত হবেন। বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। যাঁরা এসব করছেন, তাঁদের এই কাজ থেকে বিরত থাকতে বলব। আমরা বলছি, সকলে একটি সরকারি প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করুন। বিডিও শঙ্খ ঘটক বলেন, বিষয়টি বিস্তারিতভাবে খোঁজখবর নিয়ে দেখছি।  
Advertisement
সম্পর্কিত সংবাদ