বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলের জমি জবরদখলের অভিযোগ সম্পর্কে অসম সরকারকে বিস্তারিত হলফনামা জমা দিতে বলল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)। চারদুয়ার, বালিপাড়া সংরক্ষিত অরণ্য ও সোনাই রূপাই অভয়ারণ্যের জমি জবরদখল সংক্রান্ত এই হলফনামা আগামী ৮ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে অসমের মুখ্য সচিবকে। এর আগে গত বছরের আগস্টে মুখ্য সচিব ও কেন্দ্রীয় পরিবেশ, বৱ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রককে সমস্যার সমাধানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে হলফনামা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই হলফনামা দায়েরে ব্যর্থতার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় তিরস্কার করেছে ট্রাইব্যুনাল। এক আরটিআই কর্মীর আর্জির ভিত্তিতে গত ২৩ জানুয়ারির শুনানিতে রাজ্য ও কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল।
Advertisement
জঙ্গলের জমিতে বেআইনিভাবে দখলের অভিযোগ সম্পর্কে গৃহীত ব্যবস্থা সম্পর্কে মুখ্য সচিবের গত আগস্টের ট্রাইব্যুনালে হলফনামা জমা দিয়েছিলেন। কিন্তু সেখানে স্পষ্টতার অভাব ছিল বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, অসমের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ জমি অনুদান নিয়ে উদ্বেগ ব্যক্ত করে ট্রাইব্যুনালে আর্জি জানিয়েছিলেন আরটিআই কর্মী দিলীপ নাথ। তিনি অভিযোগ করেন, ১ হাজার ১১৫ জনকে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলে জমির অধিকার দেওয়া হয়েছে। এরফলে প্রায় ২২০ কিমি জমি বেহাত হয়ে গিয়েছে।



