Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনামূল্যে চিকিৎসা করাতে ভিন রাজ্যের রোগীর ভিড় ঝাড়গ্রামে

বিনামূল্যে চিকিৎসা করাতে ভিন রাজ্যের রোগীর ভিড় ঝাড়গ্রামে
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে সরকারি হাসপাতালে এখন উন্নতমানের চিকিৎসা পরিষেবা মিলছে। গ্ৰামীণ স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। গত এক দশকে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর আমূল বদল ঘটেছে। জেলার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকে মানুষ উন্নত চিকিৎসা পেতে আসছেন ঝাড়গ্রামে। ভিন রাজ্যে থেকে আসা তিরিশ শতাংশ মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। 
Advertisement
ঝাড়গ্রাম একসময় পিছিয়ে পড়া জেলা হিসেবে চিহ্নিত ছিল। জেলার মানুষকে মেদিনীপুর অথবা কলকাতায় চিকিৎসার জন্য ছুটতে হতো। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর জেলার সামগ্ৰিক উন্নয়নে জোর দেওয়া হয়। সর্বাধিক নজর চিকিৎসা পরিকাঠামো উন্নয়নে দেওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোর  চেহারাও বদলে গিয়েছে। গ্ৰামের মানুষকে এখন  শহরে চিকিৎসার জন্য ছুটে আসতে হচ্ছে না। এখন প্রত্যন্ত গ্ৰামীণ এলাকার মানুষ স্থানীয় হাসপাতালে প্রয়োজন চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। জেলার মানুষের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য আসছেন। গোপীবল্লভপুর, নয়গ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বাদ যাচ্ছে না ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। জেলার স্বাস্থ্যদপ্তর সূত্রের তথ্য মতে, বার্ষিক গড় অনুযায়ী ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহার থেকে ২৫ থেকে ৩০ শতাংশ রোগী চিকিৎসা পরিষেবা নিতে জেলায় আসছেন। আধুনিক মানের চিকিৎসা পরিষেবার সঙ্গে বিনামূল্যে ওষুধ মিলছে। গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে তিন রাজ্যের রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল জেলার সবচেয়ে অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান। টেলি নিউরো মেডিসিন পরিষেবায় রাজ্যের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করে নিয়েছে। এছাড়া মেডিসিন বিভাগ, ইকোকার্ডিওগ্ৰাফ, গাইনি, পেডিয়াট্রিক বিভাগে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। জেলার মানুষ যেমন উন্নত চিকিৎসা পরিষেবা পাচ্ছেন তেমন পাশের রাজ্যের মানুষও এখানে ভালো চিকিৎসা পরিষেবা পাবার আশায় আসছেন। জেলার স্বাস্থ্যদপ্তরের এক আধিকারিক বলেন, উন্নত চিকিৎসা পরিষেবার কারণেই সরকারি হাসপাতালগুলোতে পার্শ্ববর্তী রাজ্যের বহু মানুষ ভিড় জমাচ্ছেন। জেলার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার সঙ্গে আমাদের বাড়তি চাপ নিতে হচ্ছে। জেলার বিভিন্ন ব্লকের সীমানা লাগোয়ো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। হাসপাতালগুলি সাধ্যমতো চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছে ঝাড়খণ্ডের চাকুলিয়া এলাকার বাসিন্দা সুধীর মাইতি এদিন বলেন, আমার স্ত্রী গাইনি বিভাগে ভর্তি আছে। এই হাসপাতালের  চিকিৎসা পরিষেবা ভালো। সেই কারণেই এখানে আসা। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপি অনুরূপ পাখিরা বলেন, পাশের রাজ্য থেকে গড়ে দু’শোর ওপর রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসছেন। আগের থেকে সংখ্যা বাড়ছে। সাধ্যমতো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ ভুবনচন্দ্র হাঁসদা বলেন, ভিন রাজ্য থেকে আসা ২৫ থেকে ৩০ শতাংশ রোগী জেলার সরকারি হাসপাতাল চিকিৎসা পরিষেবা নিতে আসছেন। সংখ্যাটা ক্রমবর্ধমান। উন্নত চিকিৎসা পরিষেবা, বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। পরিষেবা ক্ষেত্রে যেসব জায়গায় খামতি আছে সেগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ