Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঙালির ‘প্রেমদিবস’-এ প্রাচীন জমিদার বাড়িগুলিতে ভিড় প্রেমিক-প্রেমিকাদের

বাঙালির ‘প্রেমদিবস’-এ প্রাচীন জমিদার বাড়িগুলিতে ভিড় প্রেমিক-প্রেমিকাদের
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাটোয়া: সরস্বতী পুজোয় বান্ধবীদের নিয়ে ছবি তোলার রেওয়াজ আগে থেকেই ছিল। পুজো মণ্ডপে, পার্কে, নদীর ধারে, সর্ষে খেতে শাড়ি পরে পোজ দিতে দেখা যেত। সেইসব ছবি পোস্ট করা হতো সোশ্যাল মিডিয়ায়। তবে নতুন ট্রেন্ড পুরনো জমিদার বাড়ি, প্রাচীন স্থাপত্যের সামনে ছবি তোলা। কেউ জমিদারি স্টাইলে পাঞ্জাবি পরে দাঁড়িয়ে, কেউ জমিদার বাড়ির জানালার খড়খড়ি ধরে দাঁড়িয়ে, আবার কেউ শাড়ির আঁচল ছড়িয়ে জমিদার বাড়ির দাওয়ায় বসে ছবি তুলছে। সামাজিক মাধ্যমে এসব ছবি দেখে অনেকেই পুরাকীর্তি দেখতে ভিড় জমাচ্ছেন। পুরাকীর্তির উপর নতুন প্রজন্মের আগ্রহ বাড়তে দেখে খুশি ইতিহাস প্রেমীরা। 
Advertisement
দাঁইহাটের বিশিষ্ট লেখক তথা ইতিহাসচর্চাকারী অশেষ কয়াল বলেন,  প্রাচীনত্বের গন্ধমাখা পুরাকীর্তির প্রতি নতুন প্রজন্মের মধ্যে আগ্রহ বাড়তে দেখে ভালো লাগছে। পুরাকীর্তির সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছে। তাদের মধ্যে অল্প বয়সিদের সংখ্যাটাই বেশি। সেসব ছবি সামাজিক মাধ্যমে দেখে পর্যটকদের আগমন ঘটবে। এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়। 
দাঁইহাট শহরে দু’টি বড় জমিদার বাড়ি রয়েছে। লাল রঙের বাড়িটি ‘লালবাড়ি’ ও সাদা রঙের বাড়িটি ‘সাদাবাড়ি’ নামেই পরিচিত। সোমবার সাদাবাড়িতে সকাল থেকেই অল্পবয়সিদের ছবি তোলার ভিড় ছিল। আবার দাঁইহাটের সমাজবাড়িকেও অনেকে ছবির ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছিলেন। ১৭৪০ খ্রিস্টাব্দে অঘ্রহায়ণ মাসে মৃত্যু হয় বর্ধমানের রাজা কীর্তিচাঁদের। মৃত্যুর পর তাঁর দেহাবশেষ নিয়ে দাঁইহাটের ভাগীরথী তীরে রাজাদের গঙ্গাবাসের পাশেই একটি সৌধ নির্মাণ করা হয়। এই সৌধকেই সমাজবাড়ি বলা হয়। 
কীর্তিচাঁদের তত্ত্বাবধানে শহরজুড়ে বেশ কয়েকটি মন্দির গড়ে ওঠে। এদিন আউশগ্রামের কালিকাপুর জমিদার বাড়ির সামনেও নতুন প্রজন্মের ভিড় ছিল ছবি তোলার জন্য। সেজেগুজে পুরাকীর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে আসা প্রমিলা রায়, সুস্মিতা রাজোয়াড় বলেন, জমিদার বাড়ির সামনে ছবি তুলতে খুব ভালো লাগে। পারমিতা হাজরা নামে এক বধূ বলেন, আমি ফেসবুকে দাঁইহাটের সাদাবাড়ির ছবি দেখেছিলাম। তাই সরস্বতী পুজোর দিনে দেখতে এসেছি। খুব ভালো লাগছে।  নতুন প্রজন্মের হাত ধরে জনপ্রিয় হচ্ছে ধ্বংস হতে বসা প্রাচীন স্থাপত্য।  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ