নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বেঙ্গল সাফারি পার্কে এবারে পুলিস ফাঁড়ির বন্দোবস্ত করা হবে। মঙ্গলবার বেঙ্গল সাফারি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমনটাই জানালেন শিলিগুড়ি পুলিস কমিশনার সি সুধাকর। শুধু তাই নয়, বেঙ্গল সাফারিতে ঘুরতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে ভিন জেলার পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করতে বাইক পেট্রোলিং শুরু করা হবে।
Advertisement
উল্লেখ্য, শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কটি ভক্তিনগর থানার অন্তর্গত। থানা থেকে এই পার্কের দূরত্ব বেশ অনেকটাই। খুব স্বাভাবিকভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে ঘটনাস্থলে পুলিস পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে যাবে। অন্যদিকে, বেঙ্গল সাফারিতে প্রতিবছরই পর্যটকদের সংখ্যা বাড়ছে। প্রতিবছর সংখ্যা প্রায় চার-পাঁচ লক্ষ বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই এর ফলে নিরাপত্তার প্রশ্ন থাকছেই। এই বিষয়টি সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পুলিস কমিশনার। কোনওভাবেই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই এই ফাঁড়ির প্রস্তাব নেওয়া হয়েছে। পুলিস কমিশনার বলেন, আমরা এবিষয়ে চিন্তাভাবনা শুরু করেছি। এই কারণেই পুলিস ফাঁড়ি তৈরি করার প্রস্তাব আনা হয়েছে।



