Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বনদপ্তরের অনুমতি ছাড়াই ৮টি গাছ কাটা হল নবদ্বীপে

বনদপ্তরের অনুমতি ছাড়াই ৮টি গাছ কাটা হল নবদ্বীপে
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: বনদপ্তরের অনুমতি ছাড়াই অবাধে গাছ কাটা চলছিল নবদ্বীপে। রবিবার সকালে প্রতাপনগর হাসপাতাল রোড লাগোয়া কপালিপাড়ার শ্যামনগরে একটি জমিতে আটটি বড় আকাশমণি গাছ কেটে ফেলা হয়। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে।নবদ্বীপ শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজিতকুমার সাহা বলেন, এদিন ভোরবেলায় খবর পাই, এলাকায় গাছ কাটা চলছে। আমি পুলিস ও বনদপ্তরের কাছে জানতে চাই, আইন মেনে গাছ কাটা হচ্ছে কি না? পুলিস ঘটনাস্থলে এসে খোঁজখবর নিয়ে দেখে, বেআইনিভাবেই গাছ কাটা হচ্ছিল। এর আগেও রাস উৎসবের সময় ছুটির দিনে গাছ কাটা হচ্ছিল। এই এলাকায় মাঝেমধ্যেই বেআইনিভাবে গাছ কাটা হয়। পুলিস এসব বন্ধ করতে কড়া ব্যবস্থা নিক। কপালিপাড়ার প্রবীণ বাসিন্দা তথা ওই জমির মালিক শঙ্কর মণ্ডল বলেন, আমার এক বিঘা জমি রয়েছে। তাতে প্রায় ৩০০ গাছ আছে। এদিন সকাল থেকে আটটা গাছ কাটিয়েছি। তবে বনদপ্তরের কোনও অনুমতি নিইনি। আমি হার্টের রোগী। চিকিৎসা করানোর জন্যই গাছ কেটেছি। বনদপ্তরের এক আধিকারিক জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। বনদপ্তরের অনুমতি ছাড়া গাছ কাটার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ