Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুরে সুফল বাংলা স্টলে মিলছে না সব্জি, বন্ধ থাকছে অধিকাংশ দিনই

বুনিয়াদপুরে সুফল বাংলা স্টলে মিলছে না সব্জি, বন্ধ থাকছে অধিকাংশ দিনই
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: আলু, পেঁয়াজ, রসুন কিনতে নাভিশ্বাস সাধারণ মানুষের। অথচ বুনিয়াদপুরে সুফল বাংলা স্টলে মিলছে না সব্জি। বর্তমানে মধ্যবিত্তের নাগালের বাইরে পৌঁছে গিয়েছে সব্জির দাম। আলু, পেঁয়াজ, রসুনের দাম ঊর্ধ্বমুখী। কৃষি বিপণন দপ্তর এনিয়ে উদাসীন বলে অভিযোগ সাধারণ মানুষের। ২০২০ সালে জেলার মধ্যে প্রথম কৃষি বিপণন দপ্তরের সহায়তায় সুফল বাংলা স্টল খুলেছিল বুনিয়াদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায়। কিন্তু অজ্ঞাত কারণে তা কয়েক বছর বন্ধ ছিল। লোকসভা নির্বাচন আসতেই বুনিয়াদপুরের সুফল বাংলা স্টলটি খুললেও বর্তমানে অধিকাংশ দিন বন্ধ থাকছে। সব্জির দাম ঊর্ধ্বমুখী হলেও স্টলে পর্যাপ্ত সব্জি পাওয়া যাচ্ছে না। দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি বিপণন দপ্তরের তরফে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল থেকে সব্জি বিক্রির কথা জানালেও গঙ্গারামপুর মহকুমাজুড়ে এমন কোনও সুবিধা মিলছে না। জেলা কৃষি বিপণন দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুব্রত দে বলেন, বুনিয়াদপুরে সুফল বাংলা স্টলে যে স্বনির্ভর দলকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাকে সরিয়ে নতুন এজেন্সিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমরা খুব শীঘ্রই বুনিয়াদপুরের সুফল বাংলা স্টলটি নতুন ভাবে সাজিয়ে তুলব। বালুরঘাট পুরসভা এলাকায় আমরা ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টলের মাধ্যমে সব্জি বিক্রি করছি। আগামী দিনে গঙ্গারামপুর পুরসভা এলাকাতেও ভ্রাম্যমাণ সুফল বাংলা স্টল ঘুরে ঘুরে সব্জি বিক্রি করবে। বর্তমানে জেলার বাজারে ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে আলু, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা, রসুন ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজ্যজুড়ে সুফল বাংলা স্টলের মাধম্যে ন্যায্যমূল্যে সব্জি বিক্রি হলেও এজেলায় কেন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। গঙ্গারামপুর শহরের বাসিন্দা সর্বজিৎ গুহ বলেন, কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে অন্য জেলায় সব্জি বিক্রি হলেও এজেলায় চোখে পড়ছে না। আলু, পেঁয়াজ ও রসুনের দাম আকাশছোঁয়া হলেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারি উদ্যোগ দেখা যাচ্ছে না।
Advertisement
সম্পর্কিত সংবাদ