Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধুর বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু, জখম ১

বন্ধুর বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু, জখম ১
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: বন্ধুর বিয়ের নিমন্ত্রণ খেয়ে বাইকে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বৃহস্পতিবার গভীর রাতে সূতির আহিরণের কাছে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতেই মৃত্যু হয় এক যুবকের। মৃতের নাম রজিবুল শেখ(২৮)। তাঁর বাড়ি সূতি থানার গাজিপুর গ্রামে। অপর বাইক আরোহী জখম হয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
Advertisement
পুলিস জানিয়েছে, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। একজনের মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অপরজনককে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ থেকে রাত প্রায় ১২টা নাগাদ দুই বন্ধু বাইকে বাড়ি ফিরছিলেন। রজিবুল বাইক চালাচ্ছিলেন। পিছনের সিটে বাইকের মালিক ওয়ালিউল শেখ বসেছিলেন। আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। রজিবুলের মুখে ও মাথায় আঘাত লাগে। তাঁর সঙ্গী পিছনের সিট থেকে উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রজিবুলকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সঙ্গীর বুকে আঘাত লাগে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শুক্রবার সকালে তাঁকে বহরমপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
মৃতের মামা কাওসার আলি বলেন, ভাগ্নে বন্ধুর বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরছিল। ফোন মারফত দুর্ঘটনার খবর পাই। হাসপাতালে গিয়ে দেখি, ভাগ্নে মারা গিয়েছে।
মোটরভ্যান চালকের মৃত্যু: বৃহস্পতিবার সন্ধ্যায় সূতিতে ডাম্পারের সঙ্গে সংঘর্ষে মোটরভ্যান চালকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাফিকুল শেখ(৪১)। তাঁর বাড়ি ডিহিগ্রামে। এদিন তিনি বিড়ির পাতা আনলোড করে বীরভূমের রাজগ্রাম থেকে ফিরছিলেন। রামডোভা মোড়ের কাছে ডাম্পারটি ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তখন তাঁর উপর দিয়ে ডাম্পারের চাকা চলে যায়। ঘাতক ডাম্পারটি পুলিস আটক করেছে। মৃতের বাবা মুঞ্জুর শেখ বলেন, ছেলে ভ্যানে করে সামগ্রী বহন করত। এদিন বিড়ির পাতা আনলোড করে ফেরার সময় ডাম্পারের ধাক্কায় মারা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ