Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ রবীন্দ্রভবনে বারবার চুরি, ক্ষোভ বাড়ছে সংস্কৃতি মহলে

বন্ধ রবীন্দ্রভবনে বারবার চুরি, ক্ষোভ বাড়ছে সংস্কৃতি মহলে
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিপুল টাকা খরচ করে সংস্কার হলেও লকডাউনের সময় থেকে বন্ধ রায়গঞ্জ শহরের রবীন্দ্রভবন। নৈশপ্রহরী না থাকায় মাঝেমধ্যে চুরিও হচ্ছে। সম্প্রতি রবীন্দ্রভবন থেকে চুরি গিয়েছে ইলেকট্রিক তার সহ কিছু সরঞ্জাম। যা নিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ হলেও এখনও কারও হদিশ পাওয়া যায়নি। অভিযোগ, এর আগেও ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কিছু তার খোয়া গিয়েছিল। এবার ইলেকট্রিক তার সহ অগ্নিনির্বাপণ যন্ত্রের তার চুরি হয়। যা নিয়ে সংস্কৃতি মহলে অসন্তোষ ছড়িয়েছে। রায়গঞ্জ কালচারাল ফোরামের সেক্রেটারি রূপককুমার ঘোষ বলেন, রবীন্দ্রভবন রায়গঞ্জবাসীর কাছে যথেষ্ট আবেগের একটা জায়গা। সেখানে দীর্ঘদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। কিন্তু লকডাউনের সময় থেকেই বিভিন্ন কারণে বন্ধ রাখা হয়েছে।  দীর্ঘদিন বন্ধ থাকায় ভবনের স্টেজ, দর্শকাসন, সাউন্ড সিস্টেম, এসি নষ্ট হয়ে গিয়েছে। এখন মাঝেমধ্যে ভবনে চুরি হচ্ছে। এটা যথেষ্ট উদ্বেগের। আমরা চাই, ভবনটি  সংস্কার করে খোলার ব্যবস্থা হোক। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, ছটপুজোর সময় একটা চুরির ঘটনা ঘটেছিল। রায়গঞ্জ থানায় লিখিতভাবে জানানো হয়েছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, চুরির ঘটনার তদন্ত চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ