Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্দি কম, বন্ধ বিষ্ণুপুর উপ সংশোধনাগারের মহিলা সেল

বন্দি কম, বন্ধ বিষ্ণুপুর উপ সংশোধনাগারের মহিলা সেল
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: বন্দি কম থাকায় বিষ্ণুপুর উপ সংশোধনাগারে মহিলা সেল সাময়িক বন্ধ হয়ে গেল। এখান থেকে মহিলা বন্দিকে বাঁকুড়া জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিচারের জন্য সেখান থেকেই তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে আনা হচ্ছে। বিষ্ণুপুর আদালত ও সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন মহিলা বন্দিদের বহু বছর ধরে বিষ্ণুপুর উপসংশোধনাগারে রাখা হচ্ছে। বেশ কিছুদিন ধরে মাত্র একজন মহিলা বন্দি থাকছিল। তার জন্য ২৪ ঘণ্টা দু’জন রক্ষী মোতায়েন করতে হচ্ছিল। সেই জন্য আপাতত বিষ্ণুপুর সংশোধনাগারে মহিলা সেল বন্ধ রাখা হয়েছে। 
Advertisement
বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বন্দি কম থাকার জন্য জেলের মহিলা সেল সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই সময় ওই সেলে কিছু সংস্কার কাজ করা হবে। পরবর্তীতে বন্দির সংখ্যা বাড়লে পুনরায় তা চালু করা হবে।   
জেল সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর উপ সংশোধনাগারে ১০থেকে ১২জন মহিলা বন্দি রাখার মতো বন্দোবস্ত রয়েছে। বহু বছর ধরেই পুরুষ সেল থেকে পৃথক দূরত্বে মহিলা সেল রয়েছে। ওই সেলের জন্য মহিলা নিরাপত্তারক্ষীও মোতায়েন থাকে। কিন্তু, বেশ কিছুদিন ধরে পাত্রসায়রে একটি খুনের ঘটনায় একজন মাত্র বন্দি সেলে থাকছিল। বিষয়টি মহকুমা শাসক এবং রাজ্যের কারা বিভাগে জানানো হয়। পরিস্থিতি বিবেচনা করে দপ্তরের তরফে আপাতত মহিলা সেল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সেই মতো চলতি সপ্তাহ থেকে বিষ্ণুপুর মহকুমা আদালত থেকে মহিলা বন্দিকে বাঁকুড়া জেলা সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিচারকার্যের জন্য বাঁকুড়া থেকে পুনরায় বিষ্ণুপুর আদালতে আনা হচ্ছে। তবে পুরুষ বন্দিদের যথারীতি বিষ্ণুপুরেই রাখা হচ্ছে। এই সময়ে মহিলা সেলে কিছু সংস্কার কাজও সেরে ফেলতে চাইছে জেল কর্তৃপক্ষ। 
সম্পর্কিত সংবাদ