সংবাদদাতা, লালবাগ: রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিচ্ছে বুনো শুয়োর। বীজ বোনার পর ফসল তুলতে পারছে না কৃষকরা। চরম বিপাকে পড়েছেন ভগবানগোলা বিধানসভা এলাকার নির্মলচর, মাঝচর, ঘোষপাড়া, মহিষমারী, টিকলিচরের মত একাধিক গ্রামের কৃষিজীবীরা। পরিস্থিতি বিবেচনা করে শুয়োরের তাণ্ডব রুখতে উদ্যোগী হল ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার। ইতিমধ্যে তিনি ব্লক প্রশাসন, সীমান্তরক্ষী বাহিনী এবং বনদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, গত কয়েক মাস ধরে শুয়োরের তাণ্ডবে চর এলাকার মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সাধারণ মানুষও শুয়োরের হামলার মুখে পড়ছেন। বুনো শুয়োরের হাত থেকে ফসল এবং মানুষকে রক্ষা করতে প্রশাসন এবং সীমান্ত রক্ষী বাহিনীর সাহায্য চাওয়া হয়েছ।
Advertisement
বুনো শুয়োরের হাত থেকে ফসল ও মানুষকে রক্ষা করতে সম্প্রতি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে চিঠি পাঠিয়েছেন ভগবানগোলার বিধায়ক রিয়াত হোসেন সরকার। আর এবার বিএসএফ, বনদপ্তর এবং ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত চর এলাকাঘুরে দেখলেন বিধায়ক। চরের বাসিন্দাদের দাবি, ২০০০ সালের বন্যার সময় বেশ কিছু বুনো শুয়োর ভেসে এসে চরের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে বংশবিস্তার করে সংখ্যাটা হাজারের বেশি হয়েছে। বর্তমানে ওই শুয়োরের দল কয়েকশো বিঘা জমির ভুট্টা, কলাই, একাঙ্গি নষ্ট করেছে। স্থানীয় কৃষক বাবলু শেখ বলেন, জমির ফসল ঘরে তুলতে পারছি না। শুয়োরের অত্যাচারে আমাদের সর্বনাশ হচ্ছে।



