Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিনা চাষেই হবে গম-ভুট্টা, প্রচার শুরু কৃষিদপ্তরের

বিনা চাষেই হবে গম-ভুট্টা, প্রচার শুরু কৃষিদপ্তরের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করিমপুর: বহু টাকা খরচে জমি চাষ না করে বিনা চাষে গম ও ভুট্টা চাষ করতে প্রচার করছে রাজ্য কৃষিদপ্তর। সেই ব্যাপারে ক্রপ রিডিউস ম্যানেজমেন্ট (সিআরএম) পদ্ধতিতে করিমপুর ১ ব্লক কৃষিদপ্তর হাতেকলমে গম ও ভুট্টার বীজ বপন করে দেখাল স্থানীয় কৃষকদের। ফলে কম খরচে এমন চাষে আগ্রহী এলাকার চাষিরা। করিমপুর ১ ব্লক কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই মরশুমে সকল চাষি মাঠের ধান কাটার পরে ধানের নাড়া পুড়িয়ে জমি পরিষ্কার করেন। তারপরে সেই জমি লাঙল বা ট্রাক্টরে চাষ করে গম বা ভুট্টার বীজ বপন করেন। বায়ূদূষণ এবং অন্যান্য কারণে মাঠের নাড়া পোড়ানো বন্ধ ঘোষণা করেছে সরকার। তাছাড়াও এক বিঘা জমি চাষ করে বীজ বপনের উপযোগী করতে প্রায় দুই-তিন হাজার টাকা খরচ হয়। তাই সেই চাষ এবং খরচ ছাড়া গম ও ভুট্টা চাষের জন্য চাষিদের কাছে জিরো টিলেজ মেশিনে ধানের জমিতে লাইন করে গম চাষের বার্তা দিচ্ছে সরকার। এব্যাপারে প্রাথমিক ভাবে করিমপুর ১ ব্লক কৃষিদপ্তরে একটি জিরো টিলেজ মেশিন আনা হয়েছে। ব্লকের যমশেরপুর গ্রামের পাঁচজন চাষির প্রায় সাড়ে সাত বিঘা জমিতে এই চাষ শুরু করা হয়েছে। এই চাষে প্রতি বিঘায় মাত্র পাঁচশো টাকা খরচ হতে পারে। আগামী দিনে এই চাষে উৎসাহী হবেন চাষিরা। করিমপুর ১ ব্লকের সহ কৃষি অধিকর্তা মহসিন মণ্ডল বলেন, জমি চাষের খরচ ছাড়াই চাষিরা এই পদ্ধতিতে গম চাষ করতে পারবেন। প্রাথমিকভাবে যমশেরপুরে পাঁচজন চাষির জমিতে প্রদর্শনী চাষ করা হয়েছে। সেদিন জমিতে উপস্থিত বহু চাষি এই চাষে আগ্রহ প্রকাশ করেছেন। আগামী দিনে চাষিরা এই চাষ করলে সরকার ভর্তুকি দিয়ে সামান্য দামে কৃষিদপ্তর থেকে জিরো টিলেজ মেশিন সরবরাহ করবে। তিনি আরও বলেন, এর আগে এই ব্লকে অনেক বেশি জমিতে গম চাষ হলেও ঝলসা রোগের কারণে বছর তিনেক গম চাষ সম্পূর্ণ বন্ধ ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ