Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনেতার বাড়ির সামনে শৌচকর্ম মদ্যপ বিজেপি কর্মীর! রক্ত ঝরল বালুরঘাটে

বামনেতার বাড়ির সামনে শৌচকর্ম মদ্যপ বিজেপি কর্মীর! রক্ত ঝরল বালুরঘাটে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বালুরঘাট: মদ্যপ অবস্থায় এক আরএসপি কর্মীর বাড়ির সামনে শৌচকর্ম করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। এমন ঘটনার পর  দু’পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে লড়াইয়ে জখম হয়েছেন তিনজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল এলাকায়। ওই আরএসপি কর্মীর বাইক ও বাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে বিজেপি কর্মী রঞ্জিত ভৌমিকের বিরুদ্ধে। খবর পেয়েই রাতে পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবার ওই আরএসপি কর্মীর পরিবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ডিএসপি সদর বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। 
Advertisement
বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন ওই বামকর্মী বলেন, প্রায় রঞ্জিত আমার বাড়ির সামনে শৌচকর্ম করে চলে যান। প্রতিদিন মদ খেয়ে এসে আমাদের গালিগালাজ করেন রঞ্জিত ও তাঁর ছেলে। প্রতিবাদ করতে গেলেই ধারালো অস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। সোমবার রাতে মদ খেয়ে এসে একই কাজ করেছিলেন। তার প্রতিবাদ করায় আমার মেয়েকে মারধর করেন। তারপর আমাকেও ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। তারা দলবল নিয়ে এসে আমার বাইক, বাড়ি ভাঙচুর করেছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
বিজেপি কর্মী রঞ্জিতের ছেলে সুরজিৎ ভৌমিকের দাবি, ওই বাম কর্মীর বাড়ির সামনে কে বা কারা শৌচকর্ম করে জানি না। কিন্তু আমাদের রোজ দোষারোপ করে। সোমবার রাতে একই অভিযোগ করে লাঠি দিয়ে মারতে এসেছিলেন। আত্মরক্ষা করতে গেলে আমার মাথায় আঘাত করে। আমি ও বাবা জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। সুস্থ হয়ে থানায় অভিযোগ করব।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সব্জি বিক্রেতা রঞ্জিত এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে পরিচিত। অন্য দিকে পাম্পমিস্ত্রি ওই বাম কর্মী। দু’জনের বাড়ি পাশাপাশি। একাধিক কারণে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি লেগেই থাকে। কয়েকবার হাতাহাতিও হয়েছিল তাদের মধ্যে। তবে সোমবার রাতে বিবাদ চরমে পৌঁছলে মারামারিতে রক্তাক্ত হয় দু’পক্ষের লোকজন। 
পুলিস ও পরিবার সূত্রে খবর, সোমবার রাত ১০ টা নাগাদ বাড়ির সামনে রঞ্জিতকে শৌচকর্ম করতে দেখতে পায় ওই বাম কর্মীর মেয়ে। সে প্রতিবাদ করতেই গালিগালাজ দিতে শুরু করে রঞ্জিত। তখনই মারমুখী হয়ে ওঠেন ওই বাম কর্মী। তারপরে দলবল নিয়ে এসে আরএসপি কর্মীর বাড়ি ও বাইক ভাঙচুর করে বিজেপি কর্মী। দু’ পক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারপিট। 
 ভেঙে দেওয়া হয়েছে আরএসপি কর্মীর বাইক। - নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ