Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনগোলার নালাগোলা-খোকসন রোডে বেপরোয়াভাবে চলছে মাটি বোঝাই ট্রাক্টর

বামনগোলার নালাগোলা-খোকসন রোডে বেপরোয়াভাবে চলছে মাটি বোঝাই ট্রাক্টর
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হবিবপুর: গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে সারাদিন দাপিয়ে বেড়াচ্ছে মাটি বোঝাই ট্রাক্টর। রাস্তার ধারে দু’টি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় রয়েছে। তাই যে কোনও দিন বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকরা। তাঁরা অবিলম্বে এনিয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন। মালদহ জেলার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা থেকে খোকসন নদীঘাট পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তায় ট্রাক্টরের দাপটে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। 
Advertisement
যদিও বৈধ কাগজ নিয়েই মাটি পরিবহণ চলছে বলে জানান বামনগোলা ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পীযূষকান্তি জানা। তিনি বলেন, জনবহুল এলাকা দিয়ে ট্রাক্টর নিয়ে যাওয়ার বিষয়ে নিষেধ করা হয়েছিল। অবিলম্বে ওই রাস্তায় ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বাসিন্দারা জানান, দুই সপ্তাহ ধরে বিভিন্ন জমি থেকে মাটি বোঝাই করে দ্রুতগতিতে জনবহুল এলাকা দিয়ে অনবরত যাতায়াত করছে ট্রাক্টর। এর জেরে বেহাল হয়ে পড়ছে রাস্তা। স্থানীয় বাসিন্দা প্রশান্ত মজুমদার বলেন, এটি গ্রামে ঢোকার প্রধান রাস্তা। সেই কারণে রাস্তায় ভিড় থাকে। কিন্তু ট্রাক্টরের দাপটে রাস্তার ধারে থাকা বাড়ির বাসিন্দারা বাইরে বের হতে ভয় পাচ্ছেন। জনবহুল এলাকা দিয়ে দ্রুতগতিতে ট্রাক্টর যাতায়াত করছে। এনিয়ে আমরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি।
দেড় কিমি রাস্তার ধার বরাবর রয়েছে খোকসন প্রাথমিক বিদ্যালয়, নালাগোলা উচ্চ বিদ্যালয় ও নালাগোলা প্রাথমিক বিদ্যালয়। এই তিনটি বিদ্যালয়ের পড়ুয়ারা এই রাস্তা ধরে যাতায়াত করে। বেপরোয়াভাবে ট্রাক্টর চলাচল করতে থাকলে যে কোনওদিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। খোকসন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণকান্তি বালা বলেন, ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। ট্রাক্টরের দাপটে বড় দুর্ঘটনা ঘটে গেলে দায় কে নেবে?  অবিলম্বে বিশেষ করে বিদ্যালয়ে আসা যাওয়ার সময় রাস্তায় ট্রাক্টর চলাচল পুরোপুরি বন্ধ করা হোক। পুরো বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়।
সম্পর্কিত সংবাদ