সংবাদদাতা, হবিবপুর: মোটর বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে বামনগোলা ব্লকের খিরিপাড়া ভূমি সংস্কার অফিস সংলগ্ন নালাগোলা-মালদহ রাজ্য সড়কে। পুলিস জানিয়েছে, মৃত বাইক চালকের নাম বাপন সিংহ (৩৪)। তাঁর বাড়ি সালালপুরে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জখম স্কুটি চালক রঞ্জন টুডুকে প্রথমে বামনগোলা গ্রামীণ হাসপাতালে ও পরে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, সোমবার সকাল ১১টা নাগাদ হবিবপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর বাস স্টপেজ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি চারচাকা গাড়ির ধাক্কায় এক ছাত্র জখম হয়েছে। তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



