Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিমান, সেলিম, মীনাক্ষীদের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু হবে ২৮ মার্চ

বিমান, সেলিম, মীনাক্ষীদের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু হবে ২৮ মার্চ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেআইনি জমায়েতের এক মামলায় বিমান বসু সহ চার বাম নেতা‑নেত্রীর বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়ার দিন ধার্য করল আদালত। বাকি তিন অভিযুক্ত হলেন মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় ও স্বপন বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালত আগামী ২৮ মার্চ শুনানির দিন ধার্য করে। এদিন বিচারক চার্জ গঠন করার পর অভিযুক্তরা দাবি করেন, তাঁরা সম্পূর্ণ নির্দোষ। যদিও ধৃতদের তরফে কৌঁসুলি ইয়াসিন রহমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই আমাদের মক্কেলদের বিরুদ্ধে পুলিস ইচ্ছাকৃতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে, এর কোনও ভিত্তিই নেই। বিচার শুরু হলে আমাদের বক্তব্য আদালতে তুলে ধরব।আদালত সূত্রের খবর, ২০২৩ সালে নানা ইস্যুতে  শহরে এক জমায়েতে শামিল হন অভিযুক্ত ওই বাম নেতা‑নেত্রীরা। এরই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিস তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধাদানসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করে। সেই মামলায় পুলিস তদন্ত শেষ করে ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করে। তার প্রেক্ষিতে বাম নেতাদের হাজির হওয়ার জন্য বিচারক সমন জারির নির্দেশ দেন। এরপরই অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন নেন। এদিন এই মামলায় চার নেতা‑নেত্রী কোর্টে হাজির হলে বিচারক তাঁদের জানিয়ে দেন, মামলার বিচারের জন্য আপনাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হল। যদিও আদালতে শুনানির শেষে কোর্ট চত্বরে দাঁড়িয়ে বাম নেতারা সংবাদমাধ্যমের কাছে বলেন, এইভাবে মাঝেমধ্যেই আমাদের বিরুদ্ধে শাসক দলের পুলিস হয়রানির করার জন্য মামলা দায়ের করে। আমরা তাতে ভীত নই। আমাদের আন্দোলন চলবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ