Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিড়ম্বনা এড়াতে কান্দি ব্লকে স্বঘোষিত সম্পত্তি কর চালু হতে চলেছে শীঘ্রই

বিড়ম্বনা এড়াতে কান্দি ব্লকে স্বঘোষিত সম্পত্তি কর চালু হতে চলেছে শীঘ্রই
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: এবার কান্দি ব্লকে রাজ্য সরকারের স্বঘোষিত সম্পত্তি কর শুরু হতে চলেছে। সম্প্রতি এনিয়ে এলাকার ১০টি পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত কর্মীদের নিয়ে একটি আলোচনা সভা করা হয়েছে। কান্দি ব্লক এলাকায় দ্রুত এই ব্যবস্থা চালু হতে চলেছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, কয়েকদিন আগে কান্দি পঞ্চায়েত সমিতি ও কান্দি ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি সভা ডাকা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন কান্দির বিডিও শ্রীকুমার ভট্টাচার্য, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার সহ ১০টি পঞ্চায়েতের ২০১ জন জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত কর্মীরা। ওই সভায় জানানো হয়, দ্রুত ব্লক এলাকায় রাজ্য সরকারের স্বঘোষিত সম্পত্তি কর ব্যবস্থা চালু করা হবে। এরজন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি থেকে পঞ্চায়েত কর্মীদের কী কী করণীয় তা বিস্তারিত বোঝানো হয়। আগামী ২০২৫-’২৬ ও ২০২৬-’২৭ আর্থিকবর্ষের জন্য এই ব্যবস্থা চালু করা হবে।
সেখানে এক জনপ্রতিনিধির প্রশ্নের উত্তরে আয়োজকরা জানান, কোনও ব্যক্তির বসতবাড়ি হোক কিংবা অন্যান্য সম্পত্তি কর, তিনি নিজেই নির্বাচন করবেন। এরজন্য পঞ্চায়েত কর্মী ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা প্রতিটি বাড়িতে গিয়ে নির্দিষ্ট ফর্ম বিলি করবেন। বাড়ির মালিক নিজে কী পরিমাণ সম্পত্তি কর দিতে ইচ্ছুক, সেটা ফর্মে উল্লেখ করবেন। নতুন বছরের শুরুতেই এই প্রকল্পের জন্য কাজে নামতে বলা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে।
কান্দি বিডিও বলেন, রাজ্য সরকারের এই প্রকল্প আমরা দ্রুত শুরু করতে চলেছি। এরজন্য প্রয়োজনীয় ধারণা পঞ্চায়েতের জনপ্রতিনিধি থেকে পঞ্চায়েত কর্মীদের দেওয়া হয়েছে। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিমবাবু বলেন, পঞ্চায়েত কর আদায়ের সময় অনেক সময় কর্মীদের বিড়ম্বনায় পড়তে হয়। বিশেষ করের পরিমাণ নিয়ে ঝামেলা তৈরি হয়। নতুন ব্যবস্থায় সেই সম্ভাবনা থাকবে না বলে মনে করা হচ্ছে। এখানে একজন বাসিন্দা কী পরিমাণ কর দেবেন, তিনি সেটা নিজেই ঠিক করবেন। এরফলে পঞ্চায়েতের আয় বাড়বে। যে সমস্যাগুলি অর্থসঙ্কটের কারণে করা যাচ্ছিল না। সেগুলিরও সমাধান হবে। জেলার মধ্যে কান্দি ব্লক প্রথম এই ব্যবস্থা চালু করতে চলেছে।
সম্পর্কিত সংবাদ