Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোমা বিস্ফোরণের ঘটনার পর রক্ষী পেলেন পুরসভার চেয়ারম্যান

বোমা বিস্ফোরণের ঘটনার পর রক্ষী পেলেন পুরসভার চেয়ারম্যান
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: নিরাপত্তারক্ষী পেলেন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। সোমবার থেকে একজন সশস্ত্র কনস্টেবলকে চেয়ারম্যানের নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করা হয়েছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান তাঁর সর্বক্ষণের একজন নিরাপত্তারক্ষীর জন্য আবেদন জানিয়েছিলেন। সেই মতো এদিন এক নিরাপত্তারক্ষীকে নিয়োগ করা হয়েছে। 
Advertisement
ইন্দ্রজিৎবাবু বলেন, নাগরিকদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি পুর পরিষেবা নিশ্চিত করতে দিনভর শহরের অলিতে-গলিতে ঘুরে বেড়াতে হয়। শুক্রবার বিকেলে বোমা বিস্ফোরণের ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও বিচলিত ছিলাম। সেই কারণে নিরাপত্তারক্ষীর আবেদন জানিয়ে জেলা পুলিসের দ্বারস্থ হয়েছিলাম। আবেদনে মান্যতা দিয়ে এদিন থেকে একজন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। এবার থেকে নিশ্চিন্তে কাজ করতে পারব। যদিও শহরবাসীই আমার নিরাপত্তারক্ষী। শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লিতে বোমা বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, রামকৃষ্ণ পল্লিতে নিজের বাড়িতে বোমা বাঁধছিল ফরিদ শেখ। সেই সময় বোমা ফেটে সে মারাত্মক জখম হয়। পরের দিন সকালে পুলিস তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে মোট আটটি তাজা সকেট বোমা এবং বোমা তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করে। ওই ঘটনার পর মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান দাবি করেন, অনিয়ম ও অর্থ তছরুপের অভিযোগে পুরসভার পাঁচজনকে বরখাস্ত করেন। সেই কারণে প্রতিহিংসাবশত তাঁকে খুন করতেই ফরিদকে বোমা তৈরির বরাত দেওয়া হয়েছিল। যদিও ফরিদের সঙ্গেই চেয়ারম্যানের একটি ছবি ভাইরাল হয়, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়।
সম্পর্কিত সংবাদ