Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাম আমলের ৩৭টি মামলায় আগেই মুক্তি ছত্রধরের, এবার এনআইএ আদালতে রেহাই 

বাম আমলের ৩৭টি মামলায় আগেই মুক্তি ছত্রধরের, এবার এনআইএ আদালতে রেহাই 
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সুকান্ত বসু, কলকাতা: ছিল মোট ৪৫টি মামলা। তারমধ্যে ৩৭টি মামলা থেকে ইতিমধ্যেই মুক্তি পেয়েছেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাত। তার বিরুদ্ধে রয়েছে আরও আটটি মামলা। সবকটি মামলা দায়ের করা হয়েছিল বাম আমলের। মঙ্গলবার কলকাতার এনআইএ’র বিশেষ আদালত থেকে ১৬ বছর আগে রাজধানী এক্সপ্রেস চালকের অপহরণ মামলা থেকে রেহাই পাওয়ার পর এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, বাম সরকার আমাকে বার বার মিথ্যা মামলায় জড়িয়েছে। সেই সমস্ত মামলা তদন্তের নামে হয়েছিল প্রহসন। ফলে বাম আমলের দায়ের করা অধিকাংশ মামলা থেকে আমি মুক্তি পেয়েছি। আশা করছি আগামী দিনে বাকি মামলা থেকেও ন্যায় বিচার পাব। সত্যর জয় একদিন হবেই। আর মঙ্গলবার যে মামলা থেকে রেহাই পাই, সেই মামলাও ছিল বাম আমলের। কিন্তু আশ্চর্য হচ্ছে, পরবর্তী সময় হঠাৎ করে এনআইএ ওই মামলা নিয়ে আমাকে গ্রেপ্তার করল। এর পিছনেও ছিল রাজনৈতিক উদ্দেশ্যসাধন।
Advertisement
শহরের প্রবীণ আইনজীবীদের একাংশ এদিন বলেন, যে সংস্থাই তদন্ত করুক না কেন, মামলায় যদি যথেষ্ট তথ্য‑প্রমাণ না থাকে, তাহলে মামলার কি পরিণতি হতে পারে, এই মামলাই তার যথেষ্ট উদাহরণ। তাঁদের কথায়, যে কোনও মামলায় চার্জ গঠনের সময় বিচারক দেখে থাকেন, মামলার সারবত্তা কি আছে। সেখানে যদি দেখা যায় মামলার মধ্যে যে অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে, সেই অভিযোগের তত্ত্ব নেই কেস‑ডায়েরিতে। তখন তিনি মামলা থেকে অভিযুক্তকে রেহাই দিয়ে থাকেন। কারণ আদালত চায় পাথুরে প্রমাণ। প্রবীণ আইনজীবী নবকুমার ঘোষ বলেন, বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, মামলার তদন্তের শেষে ঘটা করে চার্জশিট দেয় তদন্তকারী সংস্থা। কিন্তু দেখা যায় চার্জ গঠনের সময় অভিযোগের সারবত্তা না থাকায় আদালত মামলা থেকে রেহাই দেয় অভিযুক্তকে। আদালত সূত্রের খবর, ঝাড়গ্রাম জেলা ও মহকুমা আদালত থেকে থেকে যে সমস্ত মামলায় ছত্রধর মাহাত মুক্তি পেয়েছেন, তার মধ্যে অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি তৎকালীন বাম সরকারের পুলিস। ফলে একাধিক মামলায় জঙ্গলমহলের ওই নেতাকে মুক্তি দিয়েছে সংশ্লিষ্ট আদালত। এবার এনআইএ’র দায়ের করা একটি মামলা থেকে মুক্তি পাওয়ায় এদিন সন্তোষ প্রকাশ করলেন জঙ্গলমহলের তৃণমূলের এই প্রবীণ নেতা।                                                                                                             
সম্পর্কিত সংবাদ