নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: খুড়তুতো দাদাকে দাহ করে ফেরার পথে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার রাতে বেলিয়াতোড় থানার কালবেড়িয়া মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সনাতন কর(৪৫)। তাঁর বাড়ি বেলিয়াতোড়ে। দুর্ঘটনা সনাতনের এক বন্ধু গুরুতর জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুই তুতো ভাইয়ের মৃত্যুতে বেলিয়াতোড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, ঘটনার দিন দুপুরে সনাতনের খুড়তুতো দাদা মানিক কর মারা যান। ওইদিন সন্ধ্যায় সনাতন সহ অন্যান্যরা মানিকের দেহ নিয়ে বেলিয়াতোড় থেকে এক কিলোমিটার দূরে শালি নদীর শ্মশানঘাটে দাহ করতে নিয়ে যান। দাহকাজ শেষ করে রাত সাড়ে ৮টা নাগাদ সনাতনরা বাড়ি ফিরছিলেন। ওইসময় বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর গুরুত্বপূর্ণ ওই রাজ্য সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অবিলম্বে এব্যাপারে পুলিসি নজরদারি বৃদ্ধি প্রয়োজন বলে বাসিন্দারা দাবি করেছেন। সনাতনের দাদা ধনঞ্জয় কর বলেন, মানিককে দাহ করার পর শ্মশানযাত্রীদের নিয়ে আমরা একটি হোটেলে খাওয়াদাওয়া সারি। তারপর রাজ্য সড়ক ধরে সকলে বাড়ি ফিরছিলাম। কালবেড়িয়া মোড়ের কাছে একটি পেট্রল পাম্পের সামনে বড়জোড়া থেকে বেলিয়াতোড়গামী একটি ট্রেলার পরপর সনাতন ও তার বন্ধু বছর পঁয়তাল্লিশের তরুণ বাউরিকে ধাক্কা মারে। তরুণেরও বাড়ি বেলিয়াতোড় গ্রামে। ট্রেলারের ধাক্কায় তরুণ রাস্তার পাশে ছিটকে পড়ে। তবে সনাতন গাড়ির পিছনের চাকা পিষ্ট হয়ে যায়। তার মাথার উপর দিয়ে চাকা চলে যায়।



