নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: শুক্রবার রাতে বলরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। গুরুতর আহত হয়েছেন তিনজন। স্থানীয় ও পুলিস সূত্রের খবর, বলরামপুরের বেড়াদা শিব মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক পরপর দু’টি বাইকে ধাক্কা মারে। দু’টি বাইকে মোট চারজন ছিল। চারজনই গুরুতর জখম হন। প্রথমে বলরামপুর বাঁশগড় হাসপাতাল ও পরবর্তীতে পুরুলিয়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক। মৃতের নাম সনু কুমার(৩৫)। বাড়ি বিহারে। একটি সড়ক নির্মাণ সংস্থার চুক্তিভিত্তিক কর্মী হিসাবে পুরুলিয়া জেলাতেই কর্মরত ছিলেন। বাকি তিনজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই ঘটনার ১২ ঘণ্টার ব্যবধানে আরও একটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর, শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ বলরামপুরের ছোট উরমা এলাকায় একটি চলন্ত বাইকে পিছন থেকে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে। ঘটনায় দুই বাইক আরোহী গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বলরামপুর বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিত্সার জন্য তাঁদের অন্যত্র রেফার করা হয়।



