Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটের ফরেস্টে পিকনিক নিষিদ্ধ, বিকল্প ব্যবস্থা করার দাবি জোরালো

বালুরঘাটের ফরেস্টে পিকনিক নিষিদ্ধ, বিকল্প ব্যবস্থা করার দাবি জোরালো
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে এবারও ফরেস্টগুলিতে পিকনিকের উপর নিষেধাজ্ঞা জারি করল বনদপ্তর। বালুরঘাট পঞ্চায়েত সমিতির অধীনে থাকা আরণ্যকে কাজ চলার কারণে সেখানেও পিকনিক বন্ধ থাকবে। এদিকে আশেপাশে তেমন পিকনিক স্পটও নেই। ভরসা বলতে ডাঙ্গি ফরেস্ট। গত কয়েক বছর সেখানে ব্যাপক ভিড় হলেও ব্যবস্থাপনা ঠিক নেই বলে অভিযোগ ওঠে বারবার। শৌচালয় এবং জলের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়েন পিকনিক করতে আসা মানুষজন। 
Advertisement
বালুরঘাটের রেঞ্জার তাপস কুন্ডু বলেন, বনদপ্তরের অধীনে ফরেস্টগুলিতে কোনওভাবেই পিকনিক করা যাবে না। আমাদের নজরদারি চলবে। 
অন্যদিকে, বালুরঘাটের পঞ্চায়েত সমিতির অধীনে আরণ্যকে আগে পিকনিক হলেও গত দু’বছর ধরে বন্ধ। এবিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, আরণ্যকে উন্নয়নমূলক কাজ চলছে। আমরা চেষ্টা করছি দ্রুত কাজ শেষ করে যাতে পিকনিকের ব্যবস্থা করা যায়। 
ডাঙ্গি ফরেস্ট ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে। কিন্তু সেখানে পর্যাপ্ত পানীয় জল, শৌচালয় এবং অন্যান্য সুবিধা থাকে না বলে অভিযোগ। যদিও এবার সেই সমস্যা থাকবে না বলে দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা বর্মনের। তিনি বলেন, পিকনিকে আসা সাধারণ মানুষের সুবিধার জন্য পর্যাপ্ত জল ও শৌচালয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বালুরঘাটের আকাশ ঘোষের কথায়, গত কয়েকবছর ধরে আমাদের বালুরঘাটে পিকনিকের জায়গা নেই। ফরেস্টগুলিতে পিকনিক বন্ধ। শহরের কাছেই আরণ্যকও বন্ধ। একমাত্র ভরসা বলতে ডাঙ্গি। সেখানেও সুব্যবস্থা নেই। সেখানে পিকনিকে এত ভিড় হয় যে আমরা খুব সমস্যায় পড়ি। তাই প্রশাসনের উচিত বিকল্প জায়গার ব্যবস্থা করা।
সম্পর্কিত সংবাদ