Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটের মহিলাদের সমিতির ২২ লক্ষ টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ দায়ের

বালুরঘাটের মহিলাদের সমিতির ২২ লক্ষ টাকা আত্মসাৎ, থানায় অভিযোগ দায়ের
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: সমিতির মাধ্যমে মহিলাদের গচ্ছিত অর্থ আত্মসাৎ করে পালাল দুই যুবক। অভিযোগ, ২২ লক্ষ টাকা আত্মসাৎ করে দু’জন এলাকা থেকে পালিয়েছে। ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাটের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বালুরঘাট থানার দ্বারস্থ হন শতাধিক মহিলা। তাঁরা এনিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবকের কাছে হাজিপুর, মাহিনগড়, বদলপুর সহ নানা গ্রামের মহিলারা প্রতি সপ্তাহে টাকা জমা করতেন। সমিতির নিয়ম অনুযায়ী দুর্গাপুজোর আগে মহালয়া থেকে শুরু হয়। পরের মহালয়ার দিন গচ্ছিত অর্থ সুদ সহ ফেরত পান ওই মহিলারা। পাঁচ বছর ধরে শতাধিক মহিলা একইভাবে টাকা জমাচ্ছিলেন। তাঁরা সেই টাকা ফেরতও পেয়েছেন। কিন্তু গত বছর মহালয়া থেকে এবছর মহালয়া পর্যন্ত মহিলারা যে টাকা জমা করেছিলেন তা ফেরত পাননি। তার আগেই প্রায় ২২ লক্ষ টাকা নিয়ে গায়েব হয়ে যায় দু’জন। এতদিন টাকা না পেয়ে শুক্রবার মহিলারা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে এক মহিলা রেনুকা প্রামাণিক বলেন, গত এক মাস ধরে আমরা টাকার জন্য এখানে ওখানে ঘুরছি। পুলিসের কাছেও এসেছিলাম। কিন্তু পুলিস এতদিন কোনও মামলা করেনি। এদিন ফের আমরা গ্রামের মহিলারা একত্রিত হয়ে থানায় অভিযোগ দিলাম। কষ্ট করে আমরা ওই টাকা জমাতাম। কিন্তু আমাদের অনেক টাকা নিয়ে তারা পালিয়েছে। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ