সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের খিদিরপুরে উদ্ধার হল বিরল পাখি ইউরেশিয়ান গ্রেট বিটার্ন। যাকে আঞ্চলিক ভাষায় রাতচোরা পাখি বলা হয়। বৃহস্পতিবার খিদিরপুরের পলান ঘোষ এবং যাদব ঘোষ এই পাখিটিকে উদ্ধার করেন। এরপর বনদপ্তরে খবর দিলে বনদপ্তর পাখিটিকে উদ্ধার করে নিয়ে যায়। দপ্তরের অনুমান পাখিটি অসুস্থ। বালুরঘাটের পাখিপ্রেমী তুহিনশুভ্র মণ্ডল বলেন, এটি পরিযায়ী পাখি। শীতকালে তারা স্থান পরিবর্তন করে। হয়ত পরিযান করছিল, সেই সময়ই কোনওভাবে বা অসুস্থতাজনিত কারণে মাটিতে পড়ে যায়। এদিন পাখিটিকে খাদ্য হিসেবে ছোট মাছ দেওয়া হয়েছে। বনদপ্তরের বালুরঘাট বিট অফিসার সৌরভ সেন বলেন, পাখিটিকে আপাতত আমাদের অফিসেই রাখা হয়েছে।



