Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটেও বাধা বিএসএফকে

বালুরঘাটেও বাধা বিএসএফকে
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বচসায় চাঞ্চল্য ছাড়াল সীমান্তে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর এলাকায় বিজিবি বাধা দেওয়ায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ স্থগিত রাখল বিএসএফ। শিবরামপুর এলাকায় প্রায় ৯০০ মিটার সীমান্ত উন্মুক্ত। বৃহস্পতিবার সেখানে কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। কিন্তু বিজিবি কাজে বাধা দেয়। এনিয়ে বিএসএফের সঙ্গে বচসা হয় বিএসএফ জওয়ানদের। সমস্যার সমাধানে দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে পতকা বৈঠক হলেও সুরাহা হয়নি। শুক্রবারও কাজে বাধা দেয় বিজিবি। বিএসএফের এক আধিকারিক বলেন,  বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। দ্রুত কাজ শুরু করতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।
Advertisement
বিএসএফের তরফে এলাকায় বাড়তি জওয়ান মোতায়েন করা হয়েছে। বিজিবির বাধায় সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ থমকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। সীমান্তের বাসিন্দাদের বক্তব্য, উন্মুক্ত সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ শেষ হলেই পাচারে অসুবিধা হবে বাংলাদেশের। সেকারণে সীমান্তে স্থায়ী বেড়া দিতে বাধা দিচ্ছে বিজিবি। তাঁদের প্রশ্ন, অনুপ্রবেশে সাহায্য করতেই কি বিজিবি কাঁটাতার দিতে বাধা দিচ্ছে? যদিও এলাকায় বিএসএফের টহলদারি বাড়ানো হয়েছে। 
শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রনিকান্ত বর্মন বলেন, বৃহস্পতিবার থেকে ঝামেলা চলছে। সীমান্তে কাঁটাতার দিতে বিজিবি বাধা দিচ্ছে। আপাতত কাজ বন্ধ রয়েছে। এরপর আবার বাংলাদেশ বাধা দিলে আমরা গ্রামবাসীরা একত্রিত হয়ে বিএসএফের সঙ্গে সীমান্তে কাটাতার দেওয়ার কাজে সাহায্য করব।
সম্পর্কিত সংবাদ