Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি খালি করা শুরু প্রশাসনের, ফলক বসানোর ১২ বছর পর ব্রিজের কাজের সূচনা

বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি খালি করা শুরু প্রশাসনের, ফলক বসানোর ১২ বছর পর ব্রিজের কাজের সূচনা
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: প্রায় ১২ বছর আগে বালুরঘাটের আত্রেয়ী নদীবক্ষে বালুরঘাট-হিলি রেল প্রকল্পের পিলার বসানো হয়েছিল। অবশেষে সেই ব্রিজের কাজ শুরু হচ্ছে।খিদিরপুর হালদার পাড়া এলাকায় সেই ব্রিজের কাজে হাত লাগিয়েছে রেল। ইতিমধ্যে জেলা প্রশাসন ওই জায়গা রেলকে হস্তান্তর করেছে। শনিবার খিদিরপুর এলাকার বেশকিছু বাড়ি ভাঙার পাশাপাশি গাছও কাটা হচ্ছে সেখানে। তবে, হালদার পাড়ার প্রায় ২২ টি পরিবার ক্ষতিপূরণের টাকা পেয়ে অন্য জায়গায় জমি কিনেছে বাসস্থানের জন্য। সেজন্য তাঁদের দিক থেকে কোনও আপত্তি ওঠেনি এদিন।
Advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩০ শতাংশ জমি রেলকে হস্তান্তর করা হয়েছে। বাকিটা অধিগ্রহণ করার কাজ চলছে। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও রাজস্ব) হরিশ রাসিদ বলেন, প্রায় ১০ কিলোমিটার জমি হস্তান্তর করা হয়েছে। খিদিরপুর এলাকায় জায়গা খালি করার কাজ শুরু হয়েছে। বাকি জমির কাগজপত্র তৈরি করা হচ্ছে।
লোকসভা নির্বাচনের আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বালুরঘাট-হিলি  প্রকল্পে পাঁচটি কাজের শিলান্যাস হয়। হিলির পর বালুরঘাটের আত্রেয়ীতেও সেই কাজ শুরু হচ্ছে। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ছোট, বড় ৯ টি ব্রিজ তৈরি হবে। ব্রিজের আশেপাশের জমিতে ধান লাগানো হয়েছে বলে ফসল তোলা পর্যন্ত অপেক্ষা করা হবে।
খিদিরপুর এলাকায় কাজ করতে আসা ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়ার দ্বীপজ্যোতি সামন্ত বলেন, ব্রিজের জন্য এখানে পিলার তৈরি হবে বলে জায়গা খালি করা হচ্ছে।
জমি দেওয়ার পর ক্ষতিপূরণ পেলেও দীর্ঘদিনের বাসস্থান ছাড়তে হচ্ছে বলে মন খারাপ হালদার পাড়ার জমিদাতা উত্তম হালদার, গুরুদয়াল হালদারদের। তাঁদের কথায়, রেল বাড়ি ভেঙে দিচ্ছে। এতদিনের থাকার জায়গা ছাড়তে হচ্ছে বলে একটু মন খারাপ। তবে এই রেলপথ চালু হলে ভালো লাগবে।  
সম্পর্কিত সংবাদ