সংবাদদাতা, পতিরাম: দীর্ঘদিন ধরে চলছে বালুরঘাট স্টেশনে চলছে পিট ও সিক লাইনের কাজ। বৃষ্টির কারণে দীর্ঘদিন কাজে গতি ছিল না। পুজোয় কর্মীদের ছুটি থাকায় কাজ কার্যত বন্ধ হয়ে যায়। প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার বালুরঘাট স্টেশন পরিদর্শন করলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার। দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে এবার দু’মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিলেন তিনি। এছাড়া তৃতীয় ও চতুর্থ লাইনের কাজও দ্রুত করতে বলা হয়েছে। ডিআরএম বলেন,স্টেশনে বেশকিছু কাজ এখনও বাকি। বর্ষা, পুজোর ছুটি ও অন্যান্য কারণে কাজ বন্ধ ছিল। আবহাওয়া ভালো বলে দ্রুত কাজ করার সুযোগ রয়েছে। দু’মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ট্রেন চালুর ব্যাপারেও এদিন আশ্বাস দিয়েছেন ডিআরএম। তাঁর কথায়, নতুন ট্রেন চালানো নিয়ে রেলওয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। অনুমোদন পেলেই চালু করা হবে। বালুরঘাট-হিলি রেল লাইনের জমি অধিগ্রহণের কাজ চলছে। আপাতত ৩০ শতাংশ জমি পেয়েছি। ৯০ শতাংশ পেলেই কাজ শুরু হয়ে যাবে। রেলের তরফে জানা গিয়েছে, পিট লাইনে আপাতত বালুরঘাট থেকে দিল্লিগামী ট্রেন রাখা হচ্ছে। কিন্তু সিক লাইনের কাজ বাকি থাকায় বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের ট্রেন চালুর কথা থাকলেও সম্ভব হচ্ছে না। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে দক্ষিণ ভারতের দূরপাল্লার ট্রেন চালুর জোরালো দাবি উঠেছে।



