Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট শহরে ডাঙ্গা খাঁড়ির গার্ডওয়ালে বরাদ্দ এক কোটি

বালুরঘাট শহরে ডাঙ্গা খাঁড়ির গার্ডওয়ালে বরাদ্দ এক কোটি
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট শহরের মাঝ বরাবর প্রবাহিত ডাঙ্গা খাঁড়ির হাল বেহাল। বর্ষা এলেই আতঙ্ক বাড়ে খাঁড়ির দু’পারের বাসিন্দাদের। খাঁড়িতে ধস নেমে একাধিক বাড়ি তলিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এবার শহরের একে গোপালন কলোনিতে দিশারী ক্লাব থেকে মোটরকালী ব্রিজ পর্যন্ত প্রায় ৫৫০ মিটার গার্ডওয়াল দেবে সেচদপ্তর। রাজ্য থেকে প্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ড দিয়ে গিয়েছে আত্রেয়ী সংযোগকারী এই খাঁড়ি। ভাঙনের সমস্যা থেকে রেহাই পেতে বাঁধের দাবি ছিল বাসিন্দাদের। এবার সেটা পূরণ হতে চলেছে। রাজ্য থেকে ওই খাঁড়ির এক পাশের পাড় বাঁধাই করা হবে। কাজ হবে সেচদপ্তর ও পুরসভার তত্ত্বাবধানে। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ওই খাঁড়ি নিয়ে সমস্যা দীর্ঘদিনের। জেলার মন্ত্রী, প্রশাসন সহ নানা জায়গায় চিঠি দেওয়া এবং সেচমন্ত্রীর সঙ্গে দেখা করে বাঁধের দাবি জানিয়েছিলাম। তারপর এক কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। 
Advertisement
সেচদপ্তরের বালুরঘাট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অঙ্কুর কর্মকার বলেন, ওই খাঁড়ির ৫৫০ মিটার বাঁধে গার্ডওয়াল তৈরি করতে দ্রুত টেন্ডার হবে। 
এব্যাপারে একে গোপালন কলোনীর বাসিন্দা টুলটুলি সরকারের কথায়, কয়েক বছর আগে এই খাঁড়ির ভাঙনে আমাদের বাড়িঘর ভেঙে যায়। দীর্ঘদিন পাড় বাঁধানোর দাবি জানানো হচ্ছিল। বর্ষার আগে কাজ হলে ভালো হবে। 
ডাঙ্গা খাঁড়ি বালুরঘাট শহরের মধ্যে প্রবাহিত হয়ে আত্রেয়ীতে মিশেছে। তাই অনেকে একে আত্রেয়ী খাঁড়িও বলেন। এই খাঁড়ি নিয়ে নানা অভিযোগ রয়েছে। কোথাও জায়গা দখল করে অবৈধ নির্মাণ হয়েছে। আবার বসতি গড়ার ফলে ক্রমশ বুজে আসছে খাঁড়ি। প্রায় চার বছর আগে বর্ষাকালে একে গোপালন কলোনিতে ধস নেমে প্রায় কুড়িটি বাড়ি তলিয়ে যায়। বর্ষায় খাঁড়ি দিয়েই ওই কলোনিতে জল ঢোকার অভিযোগও ওঠে। গার্ডওয়াল হলে অনেক সমস্যা মিটবে বলে মনে করছেন বাসিন্দারা।
সম্পর্কিত সংবাদ