Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে রেল প্রকল্পের জমি অধিগ্রহণে বিলম্বে তৃণমূলের চক্রান্ত দেখছেন সুকান্ত

বালুরঘাটে রেল প্রকল্পের জমি অধিগ্রহণে বিলম্বে তৃণমূলের চক্রান্ত দেখছেন সুকান্ত
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ ধীরগতিতে। দীর্ঘদিনের স্বপ্ন এই রেল প্রকল্প নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই রেল প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেস চক্রান্ত করছে বলে মনে করছেন সুকান্তবাবু। বিধানসভার আগে জমি অধিগ্রহণের কাজ শেষ করতে দেওয়া হবে না বলেই তিনি মনে করছেন। তাই ধীরগতিতে প্রকল্পের জমি অধিগ্রহণের কাজকে ইচ্ছাকৃত চেষ্টা বলেই আখ্যা দিয়েছেন তিনি। যদিও জেলা প্রশাসনের দাবি, রেল প্রকল্পের ১০ কিলোমিটার কাজের জন্য জমি ইতিমধ্যে রেলের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ চলছে। পাশাপাশি বালুরঘাট-হিলি রেল প্রকল্প নিয়ে সুকান্তবাবুকে কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে, বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল প্রকল্প নিয়ে আশার বাণী শুনিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী। দ্রুত ওই প্রকল্পের টাকা ঢুকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। 
Advertisement
সুকান্ত মজুমদার বলেন, দীর্ঘদিন আগে রেলের তরফে জেলা প্রশাসনকে  জমি অধিগ্রহণের টাকা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জেলা প্রশাসন কেন জমি অধিগ্রহণের কাজে দেরি করছে, তা বোধগম্য হচ্ছে না। আমার মনে হচ্ছে আগামী বিধানসভা ভোটের আগে এই কাজ ইচ্ছাকৃতভাবেই করতে দেওয়া হচ্ছে না। বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ রেল প্রকল্পের টাকা দ্রুত ঢুকবে। এনিয়ে ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। আমি রায়গঞ্জের সাংসদকে নিয়ে রেলমন্ত্রীর কাছে একাধিকবার দরবার করেছি। কিন্তু জেলা প্রশাসন সহযোগিতা না করলে মুশকিল। একটি রেল প্রকল্পের জমি অধিগ্রহণই হচ্ছে না। আরেকটি জমি অধিগ্রহণের জন্য এরপর টাকা চাইতে গেলে কেন্দ্র আমাকেই প্রশ্ন করবে, কেন জেলা প্রশাসন জমি অধিগ্রহণ করছে না। 
পাল্টা সুকান্তের মন্তব্যের বিরোধিতা করে তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, বালুরঘাট-হিলি রেল প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ সুষ্ঠুভাবে চলছে। সুকান্তবাবুরাই বিধানসভা ভোটের আগে ইচ্ছাকৃতভাবে রেলের কাজ শুরু করছেন না। যাতে তারাই এটা নিয়ে ইস্যু করতে পারে। এখানে তৃণমূলের কোনও ব্যাপার নেই। সুকান্তবাবু নিজেই কাজ করতে পারছেন না। তাই ব্যর্থতা ঢাকতে তৃণমূলের ওপর দায় চাপাতে চাইছেন। 
সম্পর্কিত সংবাদ