সংবাদদাতা, পতিরাম: জেলার স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে দক্ষিণ দিনাজপুরে এল স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধি দল। বালুরঘাট জেলা হাসপাতাল, গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল, জেলার কিছু গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেছে দলটি। হাসপাতালের পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে দেখতেই এই পরিদর্শন। পরিকাঠামোর দিক থেকে এই প্রতিনিধি দলের কাছে পাশ মার্কস পেয়েছে বালুরঘাট জেলা হাসপাতাল। জেলা হাসপাতালের পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। তবে প্রতিনিধিদের কাছে পেয়ে জেলা হাসপাতালে চিকিৎসক ঘাটতির ব্যাপার জানিয়েছে কর্তৃপক্ষ এবং জেলা স্বাস্থ্যদপ্তর।
Advertisement
এই ব্যাপারে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, সোমবারে এই স্বাস্থ্যদপ্তরের টিম জেলায় এসেছে। সেদিন বালুরঘাট জেলা হাসপাতাল ও গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করেছে। মঙ্গলবার বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছে। আধিকারিকরা বেশ কিছু উপদেশ আমাদের দিয়েছেন। হাসপাতালের পরিকাঠামোর অনেক কিছুই তাদের ভালো লেগেছে। বালুরঘাট জেলা হাসপাতালের পরিষেবা দেখে তারা সন্তুষ্ট। তবে চিকিৎসক সঙ্কটের বিষয়টি আধিকারিকদের জানানো হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, ওই টিমে তিনজন প্রতিনিধি রয়েছেন। স্বাস্থ্যদপ্তরের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভের ডিরেক্টর দীপঙ্কর মাঝি, ওই বিভাগের আরও একজন আধিকারিক সৌম্য দত্ত এবং নার্সিং বিভাগের আরও একজন আধিকারিক ফাল্গুনী সরকার। দু’দিন ধরে তারা জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, গ্রামীণ হাসপাতাল এবং জেলার নানা স্বাস্থ্যকেন্দ্রগুলি ঘুরে দেখেন। কোথায় কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কি কি খামতি রয়েছে, তা খতিয়ে দেখা হয়েছে। সেই রিপোর্ট আগামীতে স্বাস্থ্যভবনে পাঠানো হবে।
বালুরঘাট জেলা হাসপাতালের প্রধান সমস্যা চিকিৎসক ঘাটতি। হাসপাতালের মর্গ থেকে শুরু করে প্রসূতি বিভাগ, চক্ষু বিভাগ, শল্য চিকিৎসক সহ নানা বিভাগের চিকিৎসকের ঘাটতি রয়েছে। ফলে অনেক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বেশ কিছু যন্ত্রাংশের প্রয়োজন। চোখ, কান, অস্থি, শল্য শহ নানা বিভাগের অত্যাধুনিক যন্ত্রাংশ দেওয়ার জন্য আর্জি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই টিমের তরফে আশ্বাস দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
এ বিষয়ে জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন, আমাদের জেলা হাসপাতালের পরিকাঠামো খুবই ভালো। তবে চিকিৎসক সঙ্কট রয়েছে, তা আমরা জানিয়েছি । এছাড়াও বেশ কিছু যন্ত্রাংশ দেওয়ার আর্জি জানিয়েছি।