Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে ভাগাড় থেকে উদ্ধার সদ্যোজাত, চাঞ্চল্য

বালুরঘাটে ভাগাড় থেকে উদ্ধার সদ্যোজাত, চাঞ্চল্য
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: ভাগাড় থেকে ভেসে আসছিল কান্নার আওয়াজ। এগিয়ে যেতেই দেখা গেল নাইলনের সাদা ব্যাগের মধ্যে সদ্যোজাত। দু’একদিন আগেই ওই শিশু ভূমিষ্ঠ হয়েছে বলে অনুমান।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাটের লালমাটি এলাকায় পুরসভার ভাগাড়ের কাছে সদ্যোজাত উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয়দের অনুমান, কন্যাসন্তান হওয়ার জন্যই শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। 
পুলিস জানিয়েছে, স্থানীয় যুবক সুমন বর্মন ওই শিশুকে দেখতে পান। তিনি বিষয়টি জানান তাঁর মামিকে। তিনি কয়েকজন মহিলাকে নিয়ে গিয়ে সদ্যোজাতকে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছিলেন। ব্যাগে শিশুকে দেখতে পেয়ে চমকে যান কর্তব্যরত পুলিস অফিসাররা। দেরি না করে বালুরঘাট জেলা হাসপাতালে শিশুটিকে পুলিস ভর্তি করে। আপাতত সুস্থ রয়েছে সদ্যোজাত।
পুরসভার এমসিআইসি মহেশ পারেখ বলেন, ভাগাড়ের মূল গেটে নিরাপত্তারক্ষী রয়েছে। পিছনেও প্রাচীর রয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, ওই শিশুটিকে ভাগাড়ে পাওয়া যায়নি। আশেপাশের এলাকায় পাওয়া যেতে পারে। তবুও খোঁজ নিচ্ছি। 
বালুরঘাট পুরসভার আবর্জনা ফেলা হয় ডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের লালমাটি এলাকায়। চারিদিক শুনসান থাকে বলে সন্ধ্যার দিকে সেদিকে খুব একটা লোকজন যান না। সেই সুযোগ কাজে লাগিয়ে কেউ বাজারের ব্যাগে করে শিশুটিকে এনে সেখানে ফেলে দেয়। কিছুদিন আগেও বালুরঘাটের ডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের বেনিয়াপাড়ায় একটি কার্লভার্টের তলা থেকে সদ্যোজাত উদ্ধার হয়। যদিও সেই শিশুকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। এদিন ভাগাড় থেকে এমন সদ্যোজাত উদ্ধারের ঘটনার পর পুলিসি নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন বাসিন্দারা। 
সম্পর্কিত সংবাদ