সংবাদদাতা, পতিরাম: পুকুরের জলে নোংরা জল যাওয়ার প্রতিবাদ করায় বাবা ও বিবাহিত মেয়েকে বেধড়ক মারধর করেছে প্রতিবেশীরা। মাথা ও কানে গুরুতর চোট পেয়েছেন বাবা। মেয়েকেও মারধর ও শ্লীলতাহানির অভিযোগ বালুরঘাট থানায় দায়ের হলেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। এদিকে বালুরঘাট হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে গেলে ফের হুমকির মুখে পড়তে হচ্ছে ওই মেয়ে অর্থাৎ অল্পবয়সি বধূকে। ফলে শুক্রবার ফের বালুরঘাট থানার দ্বারস্থ হলেন ওই বধূ। তাঁর অভিযোগ, ফের প্রতিবেশীরা শ্লীলতাহানি ও মারধর করার হুমকি দিচ্ছে। পুলিসের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, দুই তরফেই মামলা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিস সূত্রে খবর, বালুরঘাটের ডাঙ্গা এলাকার ওই যুবতী বাবার বাড়িতেই থাকেন। বাড়ির পিছনেই নিজেদের পুকুর রয়েছে। সেই পুকুরে পাশের বাড়ির নোংরা জল যায়। এনিয়ে তাঁর বাবা প্রতিবাদ করলে ১ ডিসেম্বর বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয়।



