Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে আত্রেয়ীর বাঁধের কাছ থেকেই বালি তুলে অবাধে পাচার, ভাঙনের আশঙ্কা, উদ্বেগে বাসিন্দারা

বালুরঘাটে আত্রেয়ীর বাঁধের কাছ থেকেই বালি তুলে অবাধে পাচার, ভাঙনের আশঙ্কা, উদ্বেগে বাসিন্দারা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটে আত্রেয়ী নদীর পার বরাবর বাঁধের কাছ থেকেই বালি তুলে পাচার বালি মাফিয়াদের। ফলে ভাঙনের আশঙ্কায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। অবাধে বালি পাচারের জেরে বাঁধ ভেঙে বন্যার সময় জল  ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার বালি মাফিয়াদের ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এরপরেই পাচারকারীরা বালি ফেলে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। শুক্রবার এনিয়ে উত্তেজনা ছড়ায় বালুরঘাটের খিদিরপুরের হালদারপাড়া এলাকায়। যদিও পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মীরা।
Advertisement
বালুরঘাটের বিএলআরও রণেন্দ্রনাথ মণ্ডল বলেন, বালি চুরি রুখতে রোজই অভিযান চলছে। প্রায়দিনই বালি বোঝাই ট্রাক্টর আটক করা হচ্ছে। 
এদিনের ঘটনার খবর পেয়েছি। আমাদের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, বালি চুরি রুখতে পুলিসের তরফে নানা জায়গায় নজরদারি চলছে। খিদিরপুরের বিষয়টি নিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে। 
খিদিরপুরের হালদারপাড়ার এক প্রতিবাদী যুবক মিঠুন হালদার বলেন, আমাদের এলাকার ভিতর দিয়ে ট্রাক্টরে করে নদী থেকে বালি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাক্টর যেতে যেতে বাঁধের একাংশ ভেঙে গিয়েছে। এমনকী একেবারে বাঁধের ধারেই নদীর মধ্যে থেকে বালি নিতে নিতে বাঁধের ক্ষতি হচ্ছে। বর্ষার সময় বাঁধ ভেঙে এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। 
এর আগেও যারা বালি তোলে, তাদের নিষেধ করেছিলাম। কিন্তু কর্ণপাত করেনি। তাই এদিন আমরা বালি বোঝাই ট্রাক্টর আটকে দিয়েছিলাম। পরে তারা পালিয়ে গিয়েছে। প্রশাসনের কাছে অনুরোধ বালি পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। 
প্রসঙ্গত, বালুরঘাটের আত্রেয়ী নদী থেকে অবাধে বালি পাচার চলছে। একেবারে কুমারগঞ্জ থেকে বালুরঘাট, নানা জায়গায় নদীর মাঝে ট্রাক্টর নামিয়ে অবাধে বালি পাচার চলে। ভূমি দপ্তরের তরফে প্রতিদিনই নানা জায়গায় অভিযান চালানো হয়। কিন্তু বালি মাফিয়াদের দৌরাত্ম্যে ট্রাক্টর আটক করতে গিয়ে নাজেহাল হচ্ছেন আধিকারিকরা। কখনও কখনও বালি মাফিয়াদের হাতেই হুমকির শিকার হচ্ছেন আধিকারিকরা। যদিও বা ভূমি দপ্তরের তরফে প্রায় দিনই বালি বোঝাই ট্রাক্টর আটক করা হচ্ছে। কিন্তু শুক্রবার খিদিরপুর হালদারপাড়া ওই ট্রাক্টর আটক করার পর বালির পাচারকারীদের সঙ্গে বচসা হয়। যদিও বিক্ষোভের মুখে পড়ে বালি ফেলেই পালিয়ে যায় পাচারকারীরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ