Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার শিক্ষা পোর্টাল থেকেই উধাও পড়ুয়াদের নাম, চাঞ্চল্য  

বাংলার শিক্ষা পোর্টাল থেকেই উধাও পড়ুয়াদের নাম, চাঞ্চল্য
 
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর ২ নম্বর ব্লকের মূলডি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নাম বাংলার শিক্ষা পোর্টালে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যালয়ের তরফ থেকে সমস্যা সমাধানের জন্য ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। রঘুনাথপুর ২ নম্বর ব্লকের অবর বিদ্যালয় পরিদর্শক বিশ্বজিৎ হেমব্রম বলেন, সমস্যার কথা জানার পরেই জেলাকে বিষয়টি জানানো হয়েছে। জেলা থেকে রাজ্য শিক্ষাদপ্তরে সমস্যার কথা জানানো হয়েছে‌। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।
Advertisement
বাংলা শিক্ষা পোর্টাল পশ্চিমবঙ্গ স্কুল বিভাগ দ্বারা চালু করা একটি ওয়েব পোর্টাল। যে পোর্টালের মাধ্যমে স্কুল পরিচালনার যাবতীয় কাজ হয়। পোর্টালে শিক্ষার্থীদের ডেটা সংরক্ষিত থাকে। 
ওই পোর্টালে প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব আইডি নম্বার থাকে। তারা বিদ্যালয়ে থেকে কী কী সুবিধা পাচ্ছে সমস্ত কিছু পোর্টালের আইডিতে লিখতে হয়। বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম না থাকলে সরকার থেকে দেওয়া পোশাক, জুতো, ব্যাগ থেকে শুরু করে কোনও সুবিধাই মেলে না। ছাত্রছাত্রীরা অন্য কোনও বিদ্যালয়ে ভর্তি হতে চাইলে টিসির প্রয়োজন হয়। বাংলার শিক্ষা পোর্টালে নাম না থাকলে টিসিও দেওয়া যায় না। মূলডি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাম পোর্টালে পাওয়া যাচ্ছে না।  প্রায় ৫ থেকে ৬ মাস ধরে সমস্যা চলছে। ফলে ছাত্রছাত্রীরা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছে। চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা পাশ করে পঞ্চম শ্রেণিতে অন্য বিদ্যালয়ে ভর্তি হবে। পোর্টালের সমস্যার সমাধান না হলে টিসি পেতে সমস্যা হবে। বিদ্যালয়ের টিআইসি উত্তম বাউরি বলেন, কয়েক মাস হল হঠাৎ বাংলা শিক্ষা পোর্টালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নাম পাওয়া যাচ্ছে না। সমস্যার কথা ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ