নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভাণ্ডারদহ বিলের মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক পাচারকারী গ্রেপ্তার হল। বৃহস্পতিবার রাতে পুলিস কয়েকটি মাটিবোঝাই ট্রাক্টরকে ধাওয়া করে। বিলের মাটি কেটে অবৈধভাবে তা বিক্রি করা হচ্ছিল টিকরপাড়া গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিস সেখানে অভিযান চালায়। একটি ট্রাক্টরকে আটক করা হয়। পুলিস চালককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম ইসমাইল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাণ্ডারদহ বিলের মাটি কেটে ট্রাক্টরে তুলে নিয়ে যাচ্ছে মাটি পাচারকারীরা। সেই মাটির অধিকাংশই ইটভাটায় বিক্রি করা হচ্ছে। অবৈধভাবে সরকারি বিল ও সেচদপ্তরের মাটি তুলে নিয়ে এক একটি ট্রাক্টরপিছু ১২০০-১৫০০টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ।
Advertisement
রানিতলা থানার এক অফিসার বলেন, বেশ কয়েকটি ট্রাক্টর মাটি নিয়ে এসেছিল। আমরা অভিযান চালাতেই সবকটি পালিয়ে যায়। একটি ট্রাক্টরসহ চালককে আমরা গ্রেপ্তার করেছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোলা ট্রাক্টরে দেদারে মাটি পাচার হচ্ছে। রাস্তায় মাটি ছড়িয়ে পড়ছে। তা থেকে দুর্ঘটনাও ঘটছে। পুলিস নিয়মিত নজরদারি চালালে মাটি পাচার বন্ধ হবে।



