Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়িতে নাম বাদ, স্থানীয়দের বিক্ষোভের মুখে প্রধান

বাংলার বাড়িতে নাম বাদ, স্থানীয়দের বিক্ষোভের মুখে প্রধান
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম বাদ পড়ায় অসন্তোষ বাড়ছে রায়গঞ্জ ব্লকের ৫ নম্বর শেরপুর গ্রাম পঞ্চায়েতের লাইনপাড়ায়। এনিয়ে সোমবার রাতে পঞ্চায়েত অফিসের মধ্যেই স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়েন পঞ্চায়েত প্রধান। বাসিন্দারা তাঁকে ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করেন। বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ, বিরোধী সদস্য বলেই প্রধান যোগসাজশ করে গ্রামের কয়েকজনের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। 
Advertisement
যদিও শেরপুর পঞ্চায়েতের প্রধান জয়দেব সিংহ বলেন, বিজেপির পঞ্চায়েত সদস্য অনিমা রায় অহেতুক আবাস নিয়ে রাজনীতি করছেন। তাঁর প্ররোচনাতেই কয়েকজন এসে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলব। 
পঞ্চায়েতের লাইনপাড়ার পঞ্চায়েত সদস্য অনিমা রায় বলেন, যাঁদের পাকাবাড়ি আছে, তাঁদেরও আবাসের তালিকায় নাম আছে। আবার যাঁরা দারিদ্রসীমার নিচে বসবাসকারী, থাকার জায়গা নেই, তাঁদের নাম নেই। মনে হচ্ছে আবাস নিয়ে গত দেড় মাস ধরে যে সার্ভে হয়েছে, তা ঠিকমতো হয়নি। কিছুদিন আগে ২৫০ জনের নাম কাটা গিয়েছিল। তার ৫০ শতাংশ নাম ফের তালিকাভুক্ত হয়েছে। এরপরও যদি ঠিকমতো সার্ভে না হয় তাহলে আমরা আন্দোলনে নামব। আমরা বিরোধী বলে আমাদের সঙ্গে পঞ্চায়েত প্রধান ঠিকমতো ব্যবহার করেন না। পঞ্চায়েতে গেলে আমাদের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করা হয়। 
ক্ষুব্ধ গ্রামবাসীদের পক্ষে উত্তম মণ্ডল, কার্তিক মণ্ডলরা বলেন, আমাদের নাম আবাস প্রকল্পে নথিভুক্ত ছিল। সেই নাম এবার চূড়ান্ত তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। আমাদের বুথে এমন ১৪ জনের নাম কাটা হয়েছিল। এরপর তাঁদের মধ্যে যাঁরা তৃণমূল করেন তাঁদের নাম যুক্ত করা হয়েছে। কিন্তু আমরা বিজেপি করি বলে আমাদের কয়েকজনের নাম এখনও তালিকায় তোলা হয়নি। এজন্যই আমরা বিক্ষোভ করেছি।
সম্পর্কিত সংবাদ