Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি: প্রাপকদের ডেকে ঘর বানানোর নিয়ম জানিয়ে দিল প্রশাসন

বাংলার বাড়ি: প্রাপকদের ডেকে ঘর বানানোর নিয়ম জানিয়ে দিল প্রশাসন
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাওয়া উপভোক্তারা কীভাবে বাড়ি তৈরি করবেন তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক হল মাটিগাড়া ব্লক অফিসে। মাটিগাড়া ব্লকের ১৭৯ জন উপভোক্তা বৈঠকে এসেছিলেন। বৈঠকে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল, মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশান্ত ঘোষ সহ অন্যরা। ডিএম ও মেয়র সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তাদের হাতে বাড়ি তৈরির অনুমোদনপত্র তুলে দেন। পাশাপাশি বাড়ি কীভাবে তৈরি করবেন তাঁরা সেব্যাপারে পরামর্শ দেন। 
Advertisement
মেয়র বলেন, শিলিগুড়ি মহকুমায় পাঁচ হাজারের উপরে উপভোক্তা প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট প্রকল্পে ঘর পাচ্ছেন। ইতিমধ্যে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়ি তৈরির প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকেছে। যাঁরা পাননি তাঁরাও আগামী কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। যাঁদের বাড়িতে শৌচাগার নেই মিশন নির্মল বাংলা প্রকল্পে তাঁদের শৌচাগার তৈরি করে দেওয়া হবে। তাছাড়া যাঁদের জমি নেই, তাঁদের জমির পাট্টাও দেওয়া হচ্ছে। আগামীতে আরও বাংলার বাড়ি প্রকল্পের নাম আসবে। গোটা রাজ্যে ১২ লক্ষ মানুষ এই প্রকল্প পাচ্ছে। 
জেলাশাসক জানান, ব্লকের সমস্ত উপভোক্তাকে ডেকে পাঠানো হয়েছিল এই বৈঠকে আসার জন্য। কীভাবে তাঁরা বাড়ি তৈরি করবেন, বাড়ি বানানোর সময় তাঁদের কী কী বিষয়ে সচেতন থাকতে হবে তা জানাতেই এমন আয়োজন। বলা হয়েছে ভালো মিস্ত্রি দিয়ে সঠিকভাবে বাড়ি তৈরির কাজ করতে। যে টাকা পাচ্ছেন সেটা যাতে বাড়ি তৈরিতেই ব্যবহার করা হয় তা নির্দিষ্ট সময় পরপর ব্লক ও পঞ্চায়েত অফিসের আধিকারিকরা গিয়ে পরিদর্শন করে আসবেন। সঠিকভাবে প্রথম পর্যায়ের কাজ হলেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে বলে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। 
সম্পর্কিত সংবাদ