Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি ও উইভার্স বেনিফিট প্রকল্প নিয়ে বৈঠক জেলাশাসকের

বাংলার বাড়ি ও উইভার্স বেনিফিট প্রকল্প নিয়ে বৈঠক জেলাশাসকের
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালনা: শুক্রবার কালনা-১ ব্লকে বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েষা রানি এ। বাংলারবাড়ি প্রকল্পে উপভোক্তারা টাকা পাওয়ার পর নির্মাণ কাজ শুরু করছেন কি না, তা আধিকারিকদের খতিয়ে দেখতে বলেন জেলাশাসক। পাশাপাশি তাঁতিদের জন্য ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড উইভার্স ফিনান্সিয়াল বেনিফিট প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের শনাক্তকরণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভম আগরওয়াল, বিডিও সুপ্রতীক সাহা, মহকুমা হ্যান্ডলুম আধিকারিক রণজিৎ মাইতি প্রমুখ।
Advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালনা-১ ব্লকে চার হাজার উপভোক্তা বাড়ি পাচ্ছেন। এর মধ্যে আড়াই হাজার উপভোক্তা প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে পেয়ে গিয়েছেন। বৈঠকে উপভোক্তারা টাকা পাওয়ার পর বাড়ি তৈরি করছেন কি না, তা সরোজমিনে খোঁজ নেওয়ার জন্য ব্লক আধিকারিকদের নির্দেশ দেন জেলাশাসক। এছাড়াও সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত ও খাদি শিল্পের উন্নয়নে ওয়েস্টবেঙ্গল খাদি অ্যান্ড উইভার্স ফিনান্সিয়াল বেনিফিট প্রকল্প ঘোষণা করেছেন। এই প্রকল্পে তাঁতিরা তাঁতযন্ত্রের জন্য পাঁচ হাজার টাকা ও শাড়ি তৈরির জন্য ১০ হাজার টাকার মূল্যে সুতো পাবেন। ইতিমধ্যে প্রায় ১০ হাজার তাঁতির আবেদন জমা পড়েছে। মহকুমা শাসক বলেন, দু’টি প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছে। 
সম্পর্কিত সংবাদ