Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলার বাড়ি নিয়ে চন্দ্রকোণায় সচেতনতা কর্মশালা প্রশাসনের

বাংলার বাড়ি নিয়ে চন্দ্রকোণায় সচেতনতা কর্মশালা প্রশাসনের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: ‘বাংলার বাড়ি’ প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে উপভোক্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করল চন্দ্রকোণা-২ ব্লক প্রশাসন। মঙ্গলবার বিকেলে ভগবন্তপুর-২ পঞ্চায়েতে ওই কর্মশালায় ব্যাপক সাড়া মিলেছে। বিডিও উৎপল পাইক কর্মশালায় স্থানীয়দের জানান, কোনও সরকারি কর্মী বা জনপ্রতিনিধি যদি টাকা পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছে টাকা চায়, তবে সরাসরি প্রশাসনকে জানাতে হবে। কেউ এধরনের প্রতারণা করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হবে।এই ব্লকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢোকার পরই সচেতনতা প্রচার শুরু হয়েছে। ওই পঞ্চায়েতে প্রথম দফায় ৯২৮জন উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হয়েছে।এদিনের কর্মশালায় বিডিও ছাড়াও পঞ্চায়েত প্রধান দয়াল লোহার, উপপ্রধান মনাজুর মোল্লা সহ অন্যরা। বিডিও মাইক হাতে সতর্কবার্তা দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো নিয়ম অনুযায়ী উপভোক্তারা টাকা পাচ্ছেন। কেউ যদি উপভোক্তাদের ভুল বুঝিয়ে টাকা চায়, তাহলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করবে। উপপ্রধান বলেন, সরকারি গাইডলাইন অনুযায়ী টাকা খরচ করুন। বাড়ি না বানিয়ে টাকা অন্য কাজে খরচ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ওই পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পে ২৫০০জনের নাম তালিকাভুক্ত হয়। এর মধ্যে ৯২৮জনের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে। বাকি উপভোক্তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে সমীক্ষার কাজ চলছে। উপভোক্তাদের বাড়ি তৈরির পুরো প্রক্রিয়া ব্লক ও পঞ্চায়েত পর্যবেক্ষণ করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ