সংবাদদাতা, বহরমপুর: বেলপাতা পাড়তে গিতে দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হল। মৃতের নাম সুদীপ চট্টোপাধ্যায়(৪৫)। তিনি কাশিমবাজার এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। রবিবার সকালে বহরমপুর থানার কাশিমবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাতে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ছাদে উঠে বেলপাতা পাড়ার সময় অসাবধানতাবশত পড়ে গিয়েছিলেন।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পুজোর জন্য রবিবার সকালে ছাদে উঠে বেশ ঝুঁকেই বেলপাতা পাড়ছিলেন সুদীপবাবু। সেই সময় শরীরের টাল সামলাতে না পেরে নীচে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
অবস্থার অবনতি হলে চিকিৎসক কলকাতা রেফার করেন। কলকাতা নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। মৃতের ভাই দেবদ্রত চট্টোপাধ্যায় বলেন, ছাদের পাশে বেল গাছ রয়েছে। প্রয়োজনে ছাদে উঠেই বেলপাতা তুলত। রবিবার কোনওভাবে দাদা নীচে পড়ে যায়।



