Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি, বিক্ষোভ 

বোলপুরের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি, বিক্ষোভ 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: সোমবার বোলপুরের শিবপুর মৌজায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় চাষি ও আদিবাসীরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থার যাতায়াতের জন্য নির্দিষ্ট রুট রয়েছে। সেই রাস্তায় যানবাহন যাতায়াত করলে চাষিরা ক্ষতিপূরণ পান। কিন্তু,  ক্ষতিপূরণ এড়াতে অন্য পথ ব্যবহার করছে সংস্থার বর্তমান কন্ট্রাক্টর। তাতে পুরনো কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। এমনকী, অন্য রুটের কৃষিজমিতে ভারী যান চলাচল করা হলেও সংশ্লিষ্ট জমির মালিকরাও ক্ষতিপূরণ পাননি। স্থানীয় শাসকদলের নেতা, পঞ্চায়েত ও সংস্থার কন্ট্রাক্টরের যোগসাজশের জন্যই কৃষকরা বঞ্চিত হচ্ছেন বলে এলাকার বাসিন্দা শেখ ইউসুফ ও বিজেপি নেতা খোকন দাসের অভিযোগ। এদিন দুপুরে সংস্থার ভারী গাড়ি ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সংস্থার ম্যানেজার শম্ভুনাথ দে। কৃষকদের বিভ্রান্ত করে টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে বলে তাঁর দাবি। এমনকী রাস্তার জন্য স্থানীয় ও রায়পুর সুপুর পঞ্চায়েতের কাছ থেকে জরুরি ছাড়পত্র নেওয়া হয়েছে বলে জানান তিনি। জানা গিয়েছে, ৯০ দশক থেকে বোলপুরের শিবপুর মৌজার সুরথেশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থার তেল সংশোধনাগার রয়েছে। তেলের পাইপের জন্য ওই এলাকায় প্রায় ৭০জন চাষির কাছ থেকে সংশ্লিষ্ট সংস্থা জমি অধিগ্রহণ করে। চাষযোগ্য জমিতে ফসলের ক্ষতি হলে কৃষকরা ক্ষতিপূরণ পান। কিন্তু সম্প্রতি ওই সংস্থার পাইপ লাইন সংস্কারের জন্য ভারী যন্ত্রপাতি এনে কাজ শুরু হয়েছে। তবে, কৃষকদের অভিযোগ, নির্দিষ্ট রাস্তা থাকলেও সংস্থা অন্য রাস্তা ব্যবহার করা হচ্ছে। ফলে তাঁরা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। 
Advertisement
রাষ্ট্রায়ত্ত তেল সংশোধন সংস্থার ম্যানেজার শম্ভুনাথ দে বলেন, পাইপ লাইনের জরুরি সংস্কারের জন্য ভারী মেশিন নিয়ে আসা হয়েছে। সেগুলি পাইপলাইনের রাস্তায় নিয়ে যাওয়া হলে মাটির নীচে থাকা পাইপ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চলাচলযোগ্য রাস্তায় তা নিয়ে যাওয়া হচ্ছে। এরজন্য স্থানীয় পঞ্চায়েতকে ক্ষতিপূরণ দিয়ে ছাড়পত্রও নেওয়া হয়েছে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি স্থানীয় চাষিদের প্ররোচনা দিয়ে অনৈতিক ক্ষতিপূরণ দাবি করছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ