সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে নিকাশি নালার বেহাল দশা। দীর্ঘদিন ধরে নালার মধ্যে জমে রয়েছে ময়লা আবর্জনা। তার ফলে নোংরা জল ও নিকাশি নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। তার জেরে সামান্য বৃষ্টিতেই নালার জল উঠে আসছে রাস্তার উপর। এমনকী নিচু এলাকায় ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যেও। সেই কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন জলবাহিত রোগের আশঙ্কাও বেড়ে যাচ্ছে। তবে বোলপুর পুরসভার তরফে নিয়মিত আবর্জনা পরিষ্কার ও নর্দমা সাফাই করা হয় বলে দাবি করা হয়েছে। এছাড়াও পুরসভা জানিয়েছে, কোথাও সমস্যা থাকলে তার দ্রুত সমাধান করা হবে।
Advertisement
রাজ্যের পর্যটন মানচিত্রেও অন্যতম নাম বোলপুর শান্তিনিকেতন। সে কারণেই রোজ কয়েক হাজার পর্যটক এখানে এসে থাকেন। পাশাপাশি শহরে জনসংখ্যাও বাড়ছে। ইতিমধ্যেই বোলপুরের ওয়ার্ড সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২২ করা হয়েছে। শহরকে উন্নতভাবে সাজিয়ে তোলার জন্য নানা ধরনের প্রচেষ্টাও করা হচ্ছে পুরসভার তরফে। কিন্তু বোলপুরের একাধিক ওয়ার্ডে দিনের পর দিন নর্দমা পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। মূলত ১০, ১১, ১৬, ১৮ নম্বর সহ বিভিন্ন ওয়ার্ডে এই সমস্যা রয়েছে। বিশেষ করে বেহাল দশা মকরমপুরে। এই এলাকায় রাস্তার ধারের নর্দমা কার্যত পরিষ্কার না করার কারণে বন্ধ হয়ে গিয়েছে। তার ফলে জল নিকাশি হয় না বললেই চলে। নানান ধরনের বর্জ্য পদার্থ, প্লাস্টিক সহ আবর্জনা পড়ে ভর্তি হয়ে রয়েছে নর্দমাগুলি। জামবুনি, মাদ্রাসাপাড়া, মাঠপাড়া সহ বিভিন্ন জায়গায় এক অবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নর্দমা পরিষ্কার করার জন্য দীর্ঘদিন পরপর ব্যবস্থা গ্রহণ করা হয়। আবার নর্দমার নোংরা তুলে রাস্তার ধারে স্তূপ আকারে রেখে দেওয়ার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুর্গন্ধ ও নোংরার উপর দিয়েই যাতায়াত করতে হয় সকলকে। যদিও পুরসভার তরফে রাত্রিকালীন আবর্জনা সংগ্রহ পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নর্দমা পরিষ্কার করাও হয়। কিন্তু তারপরও একাধিক জায়গায় বন্ধ রয়েছে নিকাশি নালাগুলি। জল জমা হয়ে থাকার কারণে বিভিন্ন জলবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে শহরে। চারিদিকে ডেঙ্গুর প্রকোপ দেখা দিচ্ছে। তার মধ্যে এই পরিস্থিতি পরিবর্তন না হলে বোলপুর শহর জুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ বলেন, প্রত্যেক ওয়ার্ডে নিকাশি নালা পরিষ্কার করা হয় না, এই অভিযোগ ঠিক নয়। পুরসভা এলাকায় আগের থেকে এখন অনেক বেশি জরুরি পরিষেবা দেওয়া হয়। তারপরও যদি নালা অপরিষ্কার থাকে, তাহলে দ্রুত পদক্ষেপ করা হবে।



