সংবাদদাতা, বোলপুর: শুক্রবার থেকে বোলপুরে শুরু হল ধীরানন্দ নায়ক স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। শহরের অন্যতম প্রাচীন ক্লাব বোলপুর টাউন ক্লাব এই প্রতিযোগিতার আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সুদীপ্ত ঘোষ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া প্রশিক্ষক রথীন ভট্টাচার্য, স্থানীয় কাউন্সিলার শুভ্রা হাজরা প্রমুখ। ক্লাবের খেলাধুলার উত্থানে বর্ষীয়ান সদস্য সদানন্দ নায়কের বড় ভূমিকা রয়েছে। তাঁরই দাদার স্মৃতিতে এই ফুটবল প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা হয়। বীরভূম জেলায় যে ক’টি ক্লাব খেলাধুলাকে প্রাধান্য দিয়েছে, তার মধ্যে অন্যতম বোলপুর টাউন ক্লাব। শহরের মাঝখানে ১২ বিঘা জায়গাজুড়ে রয়েছে ক্লাবের নিজস্ব মাঠ। সেখানে ফুটবলের পাশাপাশি বাস্কেটবল, অ্যাথলেটিকস, টেবিল টেনিস খেলায় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা নিয়মিত অংশগ্রহণ করে। ভারতীয় বাস্কেট দলের প্রাক্তন অধিনায়ক অপর্ণা ঘোষ সহ জাতীয় দলের অনেক খেলোয়াড়ের খেলা এই ক্লাব থেকেই শুরু হয়েছে। তবে ফুটবলকে বিশেষ গুরুত্ব দেয় এই ক্লাব। তাই প্রতিবছরের মতো এবারও নকআউট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
Advertisement
এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেছে। ক্লাবের কর্মসমিতির সদস্য অনিরুদ্ধ ঘোষালের গাওয়া গানে অনুষ্ঠানের সূচনা হয়। ক্লাবের সভাপতি অলোক বন্দ্যোপাধ্যায় ও সম্পাদক সুবীর বন্দ্যোপাধ্যায় বলেন, এই প্রতিযোগিতায় কলকাতা পুলিস, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরপাড়া ফুটবল অ্যাকাডেমির মতো দল অংশগ্রহণ করেছে। আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সেমিফাইনাল এবং ১৯ জানুয়ারি ফাইনাল খেলা হবে। বিজয়ী ও বিজিত দলকে আর্থিক পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হবে।



