সংবাদদাতা, শান্তিনিকেতন: বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তার হাল দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে। একাধিক জায়গায় পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে রাস্তার একাংশ। অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এই পথে দিনভর যাতায়াত করে কয়েক হাজার ছোটবড় গাড়ি। কিন্তু প্রশাসন ও পূর্তদপ্তরের উদাসীনতার কারণে বাধ্য হয়েই খারাপ রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষজন থেকে দূরের যাত্রীদের। তারা চাইছেন দ্রুত সংস্কার করা হোক এই গুরুত্বপূর্ণ রাস্তাটি। বোলপুর থেকে নানুর যাওয়ার প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে ধুঁকছে। এই পথ দিয়েই নানুর হয়ে কীর্ণাহার সহ একাধিক এলাকায় পৌঁছে যাওয়া যায়। আবার এই রাস্তা হয়ে পার্শ্ববর্তী মুর্শিদাবাদ ও অন্যদিকে পূর্ব বর্ধমান জেলায় চলে যাওয়া যায়। প্রতিদিন প্রচুর মানুষ বিভিন্ন যানবাহনে করে বোলপুরসহ নানান জায়গায় এসে থাকে রুজি-রোজগারের টানে। এছাড়াও প্রচুর যাত্রীবাহী বাস সহ বালি, পাথর ভর্তি ডাম্পার ও ট্রাক দিনভর যাতায়াত করে এই পথে। বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়াদের বিপজ্জনক এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। দিনে সমস্যা কিছুটা কম হলেও রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাস্তার খানাখন্দ বুঝতে না পেরে দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায় প্রায় সময়। বড় বড় গর্তে ভর্তি রাস্তায় যাতায়াত করার ফলে বাইক ও গাড়ির যন্ত্রাংশ তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ এই পথে যাতায়াতকারীদের। এই রাস্তার উপরেই সিয়ানে রয়েছে বোলপুর মহকুমা হাসপাতাল। তার সামনের রাস্তারও হাল তেমন ভালো নয়। উদয়পুর ব্রিজের আগে রাস্তাটির অবস্থা সব থেকে বেশি খারাপ। এছাড়াও নানুরে প্রবেশের সামনের অংশেও পিচ উঠে গিয়েছে, বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে সমস্যা আরও বেড়ে যায়। গর্তগুলি বৃষ্টির জলে ভরে যাওয়ায় তা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হন যাতায়াতকারীরা। নানুরের বিধায়ক বিধান মাঝি বলেন, বৃষ্টি কমে গেলে সব বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।



