Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে ফাঁকা বাড়ি থেকে গয়না ও টাকা চুরি, চাঞ্চল্য

বোলপুরে ফাঁকা বাড়ি থেকে গয়না ও টাকা চুরি, চাঞ্চল্য
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা শান্তিনিকেতন: বাড়ি ফাঁকা রেখে নবান্ন উৎসবে গ্রামের বাড়ি গিয়েছিল পরিবার। সোমবার সকালে বাড়ি ফিরেই মাথায় হাত। সদর দরজার তালা ভেঙে চুরি গিয়েছে গয়না, নগদ টাকা ও একটি গ্যাস সিলিন্ডার। সোমবার বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুরে ঘনবসতিপূর্ণ এলাকায় এই চুরির খবরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোলপুর থানার পুলিস পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিস স্থানীয় কিছু যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে।
Advertisement
মাত্র একমাস আগেই ভাড়াবাড়ি ছেড়ে মকরমপুরে নিজের বাড়ি তৈরি করেছেন সুমিত্রা মণ্ডল। রবিবার ছেলেকে নিয়ে বাতাসপুরে গ্রামের বাড়িতে নবান্ন উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। আশপাশে অনেক বাড়িঘর থাকায় কিছুটা নিশ্চিন্তও ছিলেন তিনি। 
রবিবার বিকেলেই বোলপুরে ফিরে আসার কথা ছিল। কিন্তু পরিবারের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় রাতটুকু কাটিয়ে সোমবার সকালে বাড়ি ফেরেন। লোহার দরজা ও কোলাপসিবল গেট ভেজানো ছিল। কিন্তু তালা খুলতে গিয়ে দেখেন, তালা ঝোলানোর জায়গাটিই কেটে ফেলে রাখা হয়েছে। ভিতরে ঢুকেই বুঝতে পারেন, চুরি হয়েছে। সুমিত্রাদেবী বলেন, আলমারি থেকে নগদ ৬০হাজার টাকা, বেশ কিছু সোনারুপোর গয়না ও একটি গ্যাসভর্তি সিলিন্ডার চুরি হয়েছে।
বোলপুর ও শান্তিনিকেতন থানা এলাকায় বাড়ি ফাঁকা থাকলেই চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসীর আশঙ্কা, স্থানীয় কিছু দুষ্কৃতীর সহযোগিতায় কোনও বড় চক্র চুরি করছে। কারণ প্রতিটি ক্ষেত্রেই খুব সুনিপুণভাবে চুরি হচ্ছে। জনবহুল এলাকাতেও রাতে চুরি হচ্ছে। শীতকালে চোরের উপদ্রব আরও বেড়ে গিয়েছে।
সুমিত্রাদেবী বলেন, এপাড়ায় নতুন এসেছি। তাই পড়শিদের সঙ্গে তেমন আলাপ নেই। নতুন বাড়ি তৈরি করায় কিছুটা ধারদেনা রয়েছে। তা মেটানোর জন্য আলমারিতে কিছু টাকা রাখা ছিল। গয়নার পাশাপাশি সে টাকাও চুরি হয়ে গিয়েছে।
সম্পর্কিত সংবাদ