সংবাদদাতা, শান্তিনিকেতন: রবিবার রাতে বোলপুর থানার বাহিরী গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গুরুতর জখম সমীর থাণ্ডারের দাবি, শাসকদলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় কাজল শেখের লোকজন তাঁকে মারধর করেছে। অশান্তির খবর পেয়ে বোলপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তারা সমীরবাবুকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
Advertisement
সমীরবাবুর অভিযোগ, অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ায় কাজল শেখ অনুগামীরা তাঁকে গ্রামছাড়া করতে চাইছিল। ১৬ নভেম্বর শাসকদলের জেলা কোর কমিটির বৈঠক হয়। এরপর রবিবার সন্ধ্যায় বাহিরী সমবায়ের কাছে কয়েকজন তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে।



