সংবাদদাতা, বর্ধমান: বীরভূমের বোলপুরে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম চুমকি দাস(৩২)। দিনকয়েক আগে তিনি অগ্নিদগ্ধ হন। তাঁকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শনিবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে তিনি মারা যান। তাঁকে পুড়িয়ে মারা হয়েছে বলে বাপেরবাড়ির লোকজনের অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর দু’টি সন্তানও আছে। বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়িতে তাঁর উপর নির্যাতন শুরু হয়। মৃতার দিদি সরস্বতী দাস বলেন, শ্বশুরবাড়িতে বোনের উপরে নির্যাতন চালানো হতো। বোনকে পুড়িয়ে মারা হয়েছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে। ঘটনার বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সাঁইথিয়ায় রাজমিস্ত্রির মৃত্যু: সাঁইথিয়ায় কাজ করার সময় পড়ে গিয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃতের নাম রাজু ভাস্কর(৩৭)। দিনকয়েক আগে একটি বাড়িতে কাজ করার সময় তিনি উঁচু থেকে পড়ে যান। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার তাঁর মৃত্যু হয়।



